অভিনেত্রী, লেখক ও গায়িকা কুসুম সিকদার। এসব কিছু ছাপিয়ে বর্তমানে তার নামের সঙ্গে আরেকটি পরিচয় যুক্ত হয়েছে, সেটি হলো চলচ্চিত্র নির্মাতা। কুসুম সিকদার পরিচালিত ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘শরতের জবা’ মুক্তি পেয়েছে গত শুক্রবার। এই সিনেমার প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী ও নির্মাতা। ছবিটি নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন কুসুম সিকদার।
এতে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। তবে সিনেমাটি মুক্তির দিন থেকে প্রায় প্রতিদিন প্রেক্ষাগৃহে ঘুরে বেড়াচ্ছেন কুসুম। একা একাই নিজের ছবির প্রচার নিয়ে লড়াই করে যাচ্ছেন তিনি।
প্রথম দিন স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগ করেছেন তিনি। এরপর মহাখালীর এসকেএস টাওয়ারে। হল ভিজিটের সময় কুসুমের সঙ্গে সিনেমার অভিনেত্রী নিদ্রা নেহাকে দেখা গেলেও ছিলেন না কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা ইয়াশ রোহান। ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না তিনি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেও শরতের জবা সিনেমা নিয়ে কোনো বক্তব্য দেননি ইয়াশ।
তবে কুসুম শিকদার হলে গিয়ে দর্শকদের কাছ থেকে প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পেয়েছেন। গণমাধ্যমে অনুভূতিও প্রকাশ করেন এই অভিনেত্রী ও নির্মাতা। তিনি বলেন, ‘যে কয়টি সিনেপ্লেক্সে শরতের জবা মুক্তি পেয়েছে, সেখান থেকে ভালো রেসপন্স পাচ্ছি। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় সবকটি শোতে দর্শকদের ভালো উপস্থিতি ছিল। প্রথম দিন আমি এত দর্শক প্রত্যাশা করিনি। হল থেকে বেরিয়ে অনেকে জিজ্ঞাসা করছিলেন শরতের জবা ২ কবে আসবে। এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে’।
ইয়াশ রোহানকে নিয়ে কুসুম শিকদার গণমাধ্যমে বলেন, ‘ওর হয়তো শিডিউলজনিত সমস্যা আছে। মাঝে দেশের বাইরেও ছিল। হয়তো আগে থেকেই শুটিং শিডিউল দেওয়া আছে ওর। কথা দেওয়া থাকলে তো সেখান থেকে বের হয়ে আসা যায় না। এর বেশি আমি বলতে পারছি না।’‘শরতের জবা’ সিনেমায় আরও অভিনয় করেছেন জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।
কলি