ভারতীয় বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন। তার নাতনি রাইমা সেন। তিনিও তারকা অভিনেত্রী। টলিউডের গণ্ডি পেরিয়ে কাজ করছেন বলিউডেও। রাইমা তার ক্যারিয়ারে ‘চোখের বালি’ ও ‘পরীনিতা’র মতো আলোচিত সিনেমা উপহার দিয়েছেন। তবে এই অভিনেত্রীর মনে এক গোপন আকাঙ্ক্ষা রয়েছে। সেই আকাঙ্ক্ষার কথাই জানালেন সম্প্রতি এক সাক্ষাৎকারে। মনের মতন স্ক্রিপ্ট পেলে নিজের নানি অর্থাৎ সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করতে চান তিনি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাইমা সৌন্দর্য ও অভিনয়-দক্ষতায় রুপালি পর্দায় নানির চরিত্রকে ফুটিয়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, ‘নানির চরিত্রে অভিনয় করতে পারা আমার জন্য হবে বিশাল এক সম্মানের। ভালো কোনো স্ক্রিপ্ট পেলে আমার সর্বোচ্চটা দিয়ে অভিনয়ের চেষ্টা করব। যদিও এটা আমার জন্য বিরাট চ্যালেঞ্জের, তবে আমি এমন চ্যালেঞ্জ নিতে চাই।’
সুচিত্রা সেনকে ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। ক্যারিয়ারে তিনি অসংখ্য কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন। ক্যামেরার সামনে এবং পেছনে তার রহস্যময়ী ব্যক্তিত্বের জন্য ভারতীয় সিনেমার ইতিহাসে অনন্য এক জায়গা করে নিয়েছেন সুচিত্রা সেন।
এর আগেও একাধিকবার রাইমা তার নানির আইকনিক লুকের প্রতি সম্মান প্রদর্শন করেন। তখন অনেক নেটিজেনই রাইমাকে তার নানি সুচিত্রার সঙ্গে তুলনা করতেন।
হাসান