বাংলা পপগানের অন্যতম কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদের নতুন গান ‘মন বোঝে না’। গান জানালার ইউটিউব চ্যানেলে এর মিউজিক ভিডিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রবাসী বাংলাদেশি শিল্পী সাঈদা শম্পা। গানের কথা লিখেছেন প্রথিতযশা গীতিকবি গোলাম মোর্শেদ এবং সুর ও সংগীত করেছেন শহীদ মাহমুদ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। মডেল হয়েছেন খুশী ও রাহাত।
গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘‘প্রথমেই বলব বেশ ভালো একটি কাজ হয়েছে এটি। কারণ এর গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ। যার লেখা গান আমার খুব পছন্দের। এছাড়া আমার সহশিল্পী সাঈদা শম্পাও গানটি ভালো গেয়েছেন। সব মিলিয়ে শ্রোতাদের মনে ছুঁয়ে যাওয়ার মতো একটি গান ‘মন বোঝে না’। আশা করছি, সবার ভালো লাগবে গানটি।’’
সাঈদা শম্পা বলেন, ‘আনন্দের বিষয় হচ্ছে, গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার আনন্দই আলাদা। এই গানটি ওনার সঙ্গে গাওয়া আমার দ্বিতীয় গান। প্রথম গানটির মতো এই গানের বেলায়ও আমার মনে হয়েছে, আমি যেন ওনার সঙ্গে বহু বছর ধরে গান করছি। এমনই আন্তরিকতার সঙ্গে উনি নিজেকে সম্পৃক্ত রাখেন, ভয়েস নেওয়া এবং শুটিং করার সময়। আর গোলাম মোর্শেদ ভাইয়ের সুন্দর কথায় সুন্দর সুর এবং সংগীত করেছেন শহীদ মাহমুদ। গানটি করার সময় আমি যেভাবে উপভোগ করেছি, আশা করছি, শ্রোতারাও সে রকমভাবেই উপভোগ করবেন গানটি।’