পাঁচ বছর আগে এটিএন বাংলায় প্রচারিত কায়সার আহমেদ পরিচালিত ‘জোশ আড্ডা উইথ ওমর সানী’ অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলেন চিত্রনায়ক ওমর সানী। পাঁচ বছর পর আবারও উপস্থাপনা শুরু করেছেন একসময়ের এই জনপ্রিয় নায়ক। চ্যানেল আইতে ওমর সানীর উপস্থাপনায় শুরু হতে যাচ্ছে নতুন গল্প, আড্ডার অনুষ্ঠান ‘তাহার সাথে মনের কথা’।
এরই মধ্যে এই অনুষ্ঠানের বেশ কয়েকটি পর্বের রেকর্ডিংও সম্পন্ন হয়েছে বলে জানান ওমর সানী। আরও কয়েকটি পর্ব রেকর্ডিং শেষে শিগগিরই চ্যানেল আইতে প্রচার শুরু হবে অনুষ্ঠানটি।
এ সম্পর্কে ওমর সানী বলেন, ‘আমি অভিভাবক মানি শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর ভাইকে। তার কাছেই কিছুদিন আগে আমার ইচ্ছের কথা প্রকাশ করলাম। কয়েক দিন আগে মালয়েশিয়া থেকে ফোন করে তিনি আমাকে সুমনের সঙ্গে যোগাযোগ করে চ্যানেল আইয়ের জন্য একটি অনুষ্ঠান উপস্থ্পানার কাজ শুরু করতে বললেন। অনুষ্ঠানের নাম কী হবে, তা নিয়ে মৌসুমীর সঙ্গে আলোচনা করি। মৌসুমী অনুষ্ঠানের নামকরণ করেছে তাহার সাথে মনের কথা। আমার এবং অনুষ্ঠানসংশ্লিষ্ট যারা তাদের সবারই ভালো লাগল নামটি। এই অনুষ্ঠানে চলচ্চিত্র, নাটক, সংগীতাঙ্গনের শিল্পীরাসহ দেশের নানান অঙ্গনের ব্যক্তিরা থাকবেন। গল্প আড্ডায় প্রেম, ভালোবাসা, পরিবারের গল্প উঠে আসার পাশাপাশি কষ্টের কথা, সংগ্রামের কথাও উঠে আসবে। তবে ভাইরাল হওয়ার জন্য কাউকে কোনোভাবেই বিব্রত করা হবে না।’
সেহাঙ্গেল বিপ্লবের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘তাহার সাথে মনের কথা’ অনুষ্ঠানটি। এদিকে আপাতত নতুন কোনো সিনেমার কাজ শুরু করেননি ওমর সানী। ওমর সানী বলেন, ‘প্রতিদিনই ঘুম থেকে উঠে এমনটা ভাবি যে আজ হয়তো একটি খুব ভালো গল্পের সিনেমায় কাজ করার প্রস্তাব আসবে। এমনটা ভেবে ভেবেই দিন কেটে যায়। আবার ঘুমিয়ে যাই। আবার সকাল হয়, আবার স্বপ্ন দেখি।’
কলি