জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাতা হিসেবেই সর্বজন পরিচিত তিনি। তবে বিজ্ঞাপনের পাশাপাশি তার নির্মিত একাধিক টেলিভিশন নাটকও জনপ্রিয়তা পেয়েছে। পেয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে নিজের কাজের স্বীকৃতি।
গত বছর তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নিয়েছিল। পরে ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ানোর পাশাপাশি পুরস্কার অর্জন করে। দীর্ঘদিন ধরেই দর্শকদের প্রশ্ন ছিল– কবে, কবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করবেন এই নির্মাতা।
অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার ঘোষণা দিলেন আদনান আল রাজীব। এই নির্মাতার প্রথম চলচ্চিত্র হবে একটি প্রেমের গল্প।
শুক্রবার ১২ জুন নিজের ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান রাজীব। পোস্টে তিনি লিখেছেন, ‘‘অ্যাডভারটাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প।’ সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব। স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সব সময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।”
রাজীব আরও লিখেছেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি। হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’
তবে সিনেমা ও অভিনয়শিল্পীর নাম, মুক্তির সময় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি এই নির্মাতা। তবে রাজীবের সিনেমা নির্মাণের ঘোষণায় চলচ্চিত্রপ্রেমী ও ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে।