বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ রাত ৯টা ৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘হৃদয়ে বসবাস’। জামিউর রহমান লেমনের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন নাজমুল হক। এতে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, তাহমিনা সুলতানা মৌ, আলমগীর কবীর, সপ্তর্ষি সাহা, নাজিয়া ফারহা, কবির উদ্দিন আহমেদ, সফিকুল ইসলামসহ আরও অনেকে।
ফ্লোরা, সাজান ও রায়হানের ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে তৈরি হয়েছে নাটকের গল্প। যার পরিণতি বিয়োগান্তক। ডাক্তার দম্পতির মেয়ে ফ্লোরা। ছোটবেলায় তার মা স্কলারশিপ নিয়ে আমেরিকায় চলে যায়। ব্রোকেন পরিবারে বেড়ে ওঠা ফ্লোরার প্রেমের সম্পর্ক হয় ধনাঢ্য প্রতিবেশীর ছেলে সাজানের সঙ্গে। কিন্তু ফ্লোরার বাবা সে সম্পর্ক মেনে নেয় না। তাকে ইঞ্জিনিয়ার রায়হানের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। বিবাহিত জীবনে একটি সন্তানের জন্ম হলেও বেশ অসুখী ফ্লোরা। সাজান ফ্লোরার স্মৃতি আগলে আমেরিকায় পাড়ি জমায়। সেখানে সে বাঙালি ঐতিহ্যের মিশেলে ফ্লোরার নামে কটেজ তৈরি করে। রায়হান এ দেশে লাবণী নামে এক অসাধু ব্যবসায়ীর রোষানলে পড়ে। রায়হানের আমেরিকা থেকে কাজের অফার আসলে আমেরিকার উদ্দেশে পাড়ি জমানোর সময় এয়ারপোর্ট রোডে গুরুতর দুর্ঘটনার শিকার হয়। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।
হাসান