গত ২০ নভেম্বর অভিনেতা মুস্তাক মহম্মদ খান এবং ২ ডিসেম্বর কমেডিয়ান সুনীল পালকে অপহরণ করেছিলেন দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল ভারতের উত্তরপ্রদেশ পুলিশ। জানা যাচ্ছে, বলিউডের শক্তিমান অভিনেতা শক্তি কাপুরকেও অপরহরণের ছক কষেছিলেন অপহরণকারীরা। তবে তাদের পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, অপহরণকারীরা অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে অগ্রিম টাকা পাঠাত। তারপর তারকারা অনুষ্ঠানে যোগ দিতে এলে সেখান থেকে তাদের অপহরণ করা হত।
অভিনেতা মুস্তাক মুহম্মদ খান এবং সুনীল পালের অপহরণের পর তাদের উদ্ধার করে তদন্তে নামে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে উত্তর প্রদেশ পুলিশ।
এর আগে অভিনেতার ম্যানেজার জানিয়েছিলেন, মিরাটে প্রবীণ নাগরিকদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল মুস্তাক মহম্মদ খানকে। এজন্য অগ্রিম ২৫ হাজার টাকা এবং বিমানের টিকিটও পাঠিয়ে দেওয়া হয়েছিল। গত ২০ নভেম্বর মুস্তাক মহম্মদ দিল্লি বিমানবন্দরে পৌঁছলে, সেখানে তাকে একটা দোকানে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়। এরপর মোটা টাকা মুক্তিপণ চাওয়া হয়। এসময় জোর করে অভিনেতার ব্যাংক অ্য়াকাউন্ট সংক্রান্ত সমস্ত তথ্যও জেনে নেয় অপহরণকারীরা। এরপর ট্রান্সফার করে নেয় মোটা অঙ্কের টাকা। পরে ২২ নভেম্বর ভোর ৪ টার দিকে অপহরণকারীরা মদ্যপান করে ঘুমিয়ে পড়লে অভিনেতা কোনোরকমে পালিয়ে এক মসজিদে আশ্রয় নেন।
একইভাবে মিরাটের অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়ে অপহরণ করা হয় কমেডিয়ান সুনীল পালকে। মিরাট-হরিদ্বার হাইওয়ের পাশে একটি দোকান থেকে অপহরণ করা হয় সুনীল পালকে। এরপর অভিনেতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৮ লক্ষ টাকা ট্রান্সফারের পর ৩ ডিসেম্বর সন্ধ্যায় তাকে মিরাটে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তারকাদের অনুষ্ঠানে যোগ দেওয়া আমন্ত্রণ জানিয়ে অপহরণ করত একটা গ্যাং। প্রথমে তাদের আমন্ত্রণ জানানো হত, তারপর অ্যাডভ্যান্সও দেওয়া হত। আর এই গ্যাং-এর তালিকায় ছিলে অভিনেতা শক্তি কাপুরও। শক্তি কাপুরকে অনুষ্ঠানে যোগ দেওয়ার বদলে ৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে অভিনেতা অগ্রিম মোটা টাকা চাওয়ায় পরিকল্পনা ভেস্তে যায়।
গ্য়াংটি আরও কোনো অভিনেতাকে অপহরণের ছক কষেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
হাসান