বলিউড অভিনেতা রনবীর কাপুর। তিন খানের পর হিন্দি সিনেমায় তাকেই সবচেয়ে প্রতিভাবান ও জনপ্রিয় হিসেবে মনে করা হয়ে থাকে। ক্যারিয়ারে ইতোমধ্যে উপহার দিয়েছেন রকস্টার, বারফি, অ্যানিমেল, ইয়ে জাওয়ানি হ্যা দিওয়ানি-এর মতো সুপারহিট সিনেমা। এবার বলিউডের বহুল জনপ্রিয় ও সফলতম ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজিতে দেখা যাবে এই তারকাকে। এমনটাই দাবি করছে ভারতের একাধিক সংবাদমাধ্যম।
‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে রনবীরের থাকা নিয়ে অনেক দিন ধরেই জোর গুঞ্জন শোনা যাচ্ছিল। এ সম্পর্কে নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, ‘ধুম ৪’-এ রনবীরের সম্পৃক্ততা নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল। এই অভিনেতাও সিনেমার গল্প শুনে নিজের আগ্রহ প্রকাশ করেছিলেন। আর এখন সিনেমাটিতে কাজ করার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন তিনি।
এদিকে ইন্ডিয়া টুডে প্রতিবেদন করেছে, ‘ধুম ৪’-এ ভিন্ন এক লুকে দেখা দেবেন রনবীর কাপুর। আশা করা হচ্ছে, সিনেমাটির শুটিং শুরু হবে ২০২৬ সালের এপ্রিলে। তবে তার আগে চলমান দুটি সিনেমার শুটিং শেষ করতে চান এই অভিনেতা। বর্তমানে রনবীর মুম্বাইয়ে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিতে আরও আছেন তার স্ত্রী আলিয়া ভাট ও ভিকি কৌশল। এ ছাড়াও নীতিশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’-এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’ এই তারকার হাতে রয়েছে।
উল্লেখ্য, ‘ধুম ৪’-এর প্রযোজনা প্রতিষ্ঠানটি রনবীরের পর তার প্রতিপক্ষ চরিত্রের সন্ধানে রয়েছে। এ ক্ষেত্রে তাদের পছন্দের তালিকায় সবচেয়ে এগিয়ে দক্ষিণ ভারতের অভিনেতারা।
হাসান