শূন্যন রেপার্টরি থিয়েটার মঞ্চে আনতে যাচ্ছে তাদের নতুন নাট্য প্রযোজনা ‘আত্মজয়’। আগামী ২৭ ও ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে এই নাটকের দুইটি প্রদর্শনী হবে। মোমেনা চৌধুরীর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।
‘আত্মজয়’ নাটকটি মূলত আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতার ওপর ভিত্তি করে নির্মিত। নাটকের গল্পে দেখা যাবে-‘আত্মজয়’ দ্বীপ ও মমতাজ নামে দুটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়, যারা জীবনের কঠিন বাস্তবতার কাছে পরাজিত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। একটি নির্জন স্থানে যখন তারা নিজেদের জীবনের ইতি টানার জন্য প্রস্তুত, তখন এক রহস্যময় ব্যক্তির আবির্ভাব হয়।
এই ব্যক্তির উপস্থিতিতে দ্বীপ ও মমতাজ তাদের জীবনের নানা দুঃখ-কষ্ট ও হতাশার কথা শেয়ার করে। কথোপকথনের মাধ্যমে ধীরে ধীরে তারা উপলব্ধি করে, জীবনের প্রতিটি মুহূর্তই মূল্যবান এবং প্রতিটি সংকটকেই জয় করা সম্ভব, যদি আমরা নিজের প্রতি বিশ্বাস রাখি। নাটকটি দর্শকদের মধ্যে আত্মপ্রত্যয় ও জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি সৃষ্টি করবে।
এতে অভিনয় করবেন মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, মুনিরা অবনী, রাফিউল রকি ও তানভির সানি। আলোক পরিকল্পনা: ঠাণ্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা: প্রাণ রায়, সংগীত পরিকল্পনা: নির্ঝর চৌধুরী, পোশাক পরিকল্পনা: সামিউন জাহান দোলা, কোরিওগ্রাফি: তাহমিনা সুলতানা মৌ, শিল্প নির্দেশনা: শাহনেওয়াজ কাকলী।
/ফারজানা ফাহমি