জনপ্রিয় মার্কিন গায়ক, গীতিকার, অভিনেতা এবং ব্যান্ড দল ‘দ্য নিউইয়র্ক ডলস’-এর প্রধান শিল্পী ডেভিড জোহানসেন মারা গেছেন। দীর্ঘদিন ধরে এই তারকা নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর আগে তিনি পিঠের ব্যথা, মস্তিষ্কের টিউমার এবং মস্তিষ্কের ক্যানসারের চতুর্থ স্তরে ছিলেন। যদিও তিনি ক্যানসারের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর্থিক অভাবের কারণে অসুস্থতার বিষয়টি প্রকাশ করেছিলেন।
কিছুদিন আগে নিজের অসুস্থতার খবরটি জানালেও তার ক্যানসার প্রথম নির্ণয় হয়েছিল ২০২০ সালে। কিন্তু সবার থেকে বিষয়টি আড়াল রেখেছিলেন। তার ওপর ২০২৪ সালের নভেম্বরে দুর্ঘটনার কবলে পড়ে কোমর ভেঙে যায় তার। কিন্তু অস্ত্রোপচারের পরও পুরোপুরি সুস্থ হয়ে উঠছিলেন না তিনি। ফলে পরবর্তী সময়ে ‘সুইট রিলিফ’ তার চিকিৎসাসহ সব ধরনের আর্থিক সহায়তা প্রদানের জন্য তহবিল শুরু করেছিল।
কিন্তু কিছুদিন পর থেকেই জোহানসেনের শারীরিক অবস্থা আরও খারাপ হতে থাকলে শেষ পর্যন্ত ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানতে হয় তাকে। গত ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কে নিজ বাড়িতে মারা যান এই আমেরিকান গায়ক ও অভিনেতা। মৃত্যুর সময় তার স্ত্রী মারা হেনেসি এবং সৎ মেয়ে লিয়া হেনেসিকে রেখে গেছেন।
/শাকিল