এবারের ঈদে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও ছোটপর্দার প্রিয় মুখ তানিয়া বৃষ্টিকে। জুয়েল এলিনের রচনা ও জিয়া উদ্দিন আলমের পরিচালনায় ‘খুচরা পাপী’ শিরোনামের একটি নাটকে দর্শকরা তাদের দেখতে পাবেন। নাটকটিতে মোশাররফ করিম নিজ নামেই অভিনয় করেছেন। তার বিপরীতে রিনি চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি।
এতে আরও অভিনয় করেছেন হারুন রশীদ বান্টি, রকি খান, মারিয়া, সীমান্ত, সুমাইয়া মির্জা, জুলফিকার চঞ্চল, ইমরান আজান, সিদ্দিক মাস্টার প্রমুখ। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘দীর্ঘদিন পর আলমের নির্দেশনায় অভিনয় করলাম। যে সময় আলমের নির্দেশনায় সর্বশেষ কাজ করেছি তখন নির্দেশনায় একেবারেই নতুন ছিল। তো অনেক দিন ধরেই তার ইচ্ছা ছিল আমাকে নিয়ে একটি কাজ করার। কাজ করতে এসে দেখলাম যে আলম আগের চেয়ে আরও বেশ গুছানো। কাজটা বেশ ভালোই বুঝে। তার গল্প নির্বাচনটাও ভালো। আর তানিয়া বৃষ্টি অত্যন্ত মেধাবী একজন অভিনেত্রী। আমার সঙ্গে তার বেশ কয়েকটি কাজ হয়েছে। তানিয়া তার অভিনয়ে ভীষণ মনোযোগী এবং তার সেরাটাই সে দেওয়ার চেষ্টা করে। আশা করছি খুচরা পাপী নাটকটি দর্শককে মুগ্ধ করবে।’
তানিয়া বৃষ্টি বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছি প্রত্যেকটি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। আমার কাছে তিনি অভিনয়ের পাঠশালা। তার সঙ্গে যতই কাজ করি ততই আমি আমার নিজেকে সমৃদ্ধ করেছি। আজ আমার জন্মদিন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন।’
বৃষ্টি জানান, জন্মদিনে বিশেষ কোনো আয়োজন নেই। পরিবারের সঙ্গেই দিনটি সাধারণভাবে উদযাপন করবেন তিনি। আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
/শাকিল