বিশেষ দিবস এলেই শোবিজ অঙ্গনে একটু বাড়তি দৌড়ঝাঁপ শুরু হয়। নাটক, সিনেমা, ওয়েব সিরিজ এবং ওয়েবফিল্মের কাজ নিয়ে তারকারা ব্যস্ত সময় পার করেন। ঈদ উপলক্ষে তারকাদের দম ফেলার ফুরসত নেই। বিশেষ করে ঈদে সিনেমাপাড়ায় শুরু হয় নাটকীয়তা। ঈদের সবচেয়ে বড় ও আলোচিত সিনেমাগুলো মুক্তি দেয় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। কয়েক মাস ধরে চলচ্চিত্রপাড়ায় চলছে মন্দা। তাই ঈদ উৎসবে দর্শক ধরতে সবাই মুখিয়ে রয়েছেন।
এবার ঈদে এখন পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তির তালিকায় চারটি সিনেমার নাম শোনা যাচ্ছে। এর মধ্যে রয়েছে শাকিব খানের ‘বরবাদ’, আফরান নিশোর ‘দাগী’, সিয়াম আহমেদের ‘জংলি’ এবং আব্দুন নূর সজলের ‘জ্বীন ৩’। প্রচার-প্রচারণায় রীতিমতো এই সিনেমাগুলো নিয়ে যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভক্তরাও প্রিয় তারকাদের নিয়ে প্রচারে নেমেছেন আটঘাট বেঁধে।
এ ছাড়া মুক্তির মিছিলে আরও দুই সিনেমা- মোশাররফ করিমের ‘চক্কর’ ও আদর আজাদের ‘পিনিক’ যোগ হতে পারে বলেও শোনা যাচ্ছে। তবে এখনো কিছু সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ চলমান। সেগুলো শেষ করে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শনীর পর সার্টিফিকেট প্রাপ্তির পরই সিনেমাগুলোর মুক্তি নিশ্চিত হবে।
প্রচার-প্রচারণায় বেশ সরব ‘বরবাদ’ সিনেমা। ইতিমধ্যে উন্মুক্ত হয়েছে সিনেমাটির টিজার। অন্যদিকে ‘দাগী’ সিনেমার শুটিং শেষ হওয়া ছাড়া এখন পর্যন্ত আর কোনো আপডেট পাওয়া যায়নি। এখনো আসেনি সিনেমাটির পোস্টার, ফার্স্ট লুক বা টিজার। এ ছাড়া ‘জংলি’ সিনেমার ফার্স্ট লুক এবং একটি গানও প্রকাশ্যে এসেছে। ধরে নেওয়া যায় ‘জংলি’ ঈদেই আসছে। ইতোমধ্যে ‘জ্বীন ৩’ সিনেমাটির একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে সম্প্রতি।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নায়িকা ইধিকা পাল। সিনেমায় দেখা যাবে কলকাতার যিশুসেন গুপ্তকে। এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
শিহাব শাহীন পরিচালিত ‘দাগী’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল।
কামরুজ্জামান রোমান পরিচালিত ‘জ্বীন ৩’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ২০২৪ সালের ঈদের চলচ্চিত্র ‘জ্বীন-২’-এর তৃতীয় কিস্তি ‘জ্বীন ৩’। এতে ফারিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন আব্দুন নূর সজল।
এই সিনেমাগুলো নিয়ে ইতোমধ্যেই হলমালিকদের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে। পর্যায়ক্রমে ঈদের সব সিনেমা তারা প্রেক্ষাগৃহে চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
/শাকিল