দর্শকপ্রিয় জুটি পার্থ শেখ ও নওবা তাহিয়া আবারও একসঙ্গে অভিনয় করলেন ‘তোমার গল্পে আমি’ শিরোনামের একটি নাটকে। জান্নাত আরা ফেরদৌস মিলার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা।
নাটকে অভিনয় প্রসঙ্গে পার্থ শেখ বলেন, ‘সেলিম ভাইয়ের নির্দেশনায় যত নাটকে অভিনয় করেছি, প্রত্যেকটি কাজই এক কথায় অসাধারণ। বিশেষত আমার বেশি ভালো লেগেছে শেষের তুমি। সর্বশেষ দুটি নাটক মিথ্যে কাব্যের ফুল, তোমার গল্পে আমিও সুন্দর গল্পের নাটক। সহশিল্পী হিসেবে নওবা ভীষণ স্বাচ্ছন্দ্য। আগের চেয়ে অভিনয়ে তার ম্যাচুরিটি এসেছে। যদি আরও সিরিয়াস হয় অভিনয়ে- তা হলে আমার বিশ্বাস, আগামীতে আরও ভালো করবে।’
নওবা তাহিয়া বলেন, ‘এতে আমি জেনি চরিত্রে অভিনয় করেছি। পার্থ ভাই ভালো মনের মানুষ। সহশিল্পী হিসেবে তিনি এক কথায় অসাধারণ। অভিনেতা হিসেবেও দারুণ। তার সঙ্গে অভিনয়টা আমি ভীষণ উপভোগ করি। সেলিম ভাই ভীষণ ধৈর্যশীল একজন পরিচালক। মাথা ঠাণ্ডা রেখে তিনি পুরো কাজটা নামান, যার আউটপুট খুব ভালো হয়। বিগত দিনের কাজগুলো তারই প্রমাণ।’
পরিচালক সেলিম রেজা বলেন, ‘পার্থ নিঃসন্দেহে একজন ভার্সেটাইল অভিনেতা। এখন তো অভিনয়ে আরও বেশি সিরিয়াস। আর নওবা রোমান্টিক গল্পে দুর্দান্ত।’ পরিচালক জানান, নাটকটি আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে।
/শাকিল