আইফা ২০২৫-এর এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। ছবিটি মোট ১০টি অ্যাওয়ার্ড জিতে বাজিমাত করেছে। আর সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এই সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক করা নীতাংশী গোয়েলের হাতে। এ বিভাগে তিনি আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের হারিয়ে পুরস্কার জিতেছেন।
অবশ্য আইফায় যে ‘লাপাতা লেডিস’-এর জয়জয়কার দেখা যাবে, সেটা অনুমেয়ই ছিল। তবে বড় বড় তারকাকে হারিয়ে যে সেরা অভিনেত্রীর পুরস্কার তার হাতে উঠবে, সেটা নীতাংশী নিজেও ভাবেননি। পুরস্কার হাতে নিয়ে মঞ্চেই আবেগপ্রবণ হয়ে পড়েন এ অভিনেত্রী।
ছবিতে ‘ফুল কুমারী’ চরিত্রে অভিনয় করেছেন নীতাংশী। সিনেমায় চরিত্রটি সমালোচকদের পাশাপাশি দর্শকহৃদয়ও জয় করে নিয়েছে। পুরস্কার হাতে আবেগপ্রবণ নীতাংশী গোয়েল বলেন, ‘সত্যি বলতে আমি এতটাও আশা করিনি। জানতাম, লাপাতা লেডিস খুব ভালো করবে, তবে আমি নিজে যে পুরষ্কৃত হব, সেটা কল্পনাও করিনি। মনোনয়ন তালিকায় যাদের নাম ছিল, তারা প্রত্যেকেই অভিনেত্রী হিসেবে দুর্দান্ত। আমি নিজেও তাদের বড় ভক্ত। তাদের সঙ্গে মনোনীত হয়ে পুরস্কার পেয়ে আমি সত্যিই ভীষণ খুশি।’
এ ছাড়া ‘লাপাতা লেডিস’ টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এ সিনেমায় নীতাংশী গোয়েল ছাড়াও স্পর্শ শ্রীবাস্তব ও প্রতিভা রান্টার মতো তরুণদের সুযোগ করে দিয়েছেন নির্মাতা কিরণ রাও। ছবিটির অন্যতম প্রযোজক কিরণের সাবেক স্বামী ও বলিউড তারকা আমির খান।
গত বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। প্রায় ৫ কোটি বাজেটের ‘লাপাতা লেডিস’ বক্স অফিস থেকে ২৫ কোটির বেশি আয় করেছিল। এমনকি ছবিটি সমালোচক ও দর্শকদের থেকেও তুমুল প্রশংসিত হয়েছিল।
/শাকিল