আসন্ন ঈদুল ফিতরে প্রকাশ পেতে যাচ্ছে কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপার দ্বৈত গান ‘যামুগারে পাগলা’। গানটি লিখেছেন এবং সুর করেছেন চঞ্চল পাগলা ও পঁচা পাগলা। সংগীত আয়োজন করেছেন আরএফটি ও আইনুস এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈসা খান দূরে। মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করছে জি সিরিজ।
নাসিমুল মুরসালিন স্বাক্ষর পরিচালিত এ ভিডিওতে একঝাঁক ড্যান্স গ্রুপসহ মডেল হয়েছেন কিশোর পলাশ ও জামিল ক্ষ্যাপা। গানটি প্রসঙ্গে কিশোর পলাশ জানান, গানটি মিউজিক ভিডিওসহ চাঁদ রাতে প্রকাশ পাবে জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি প্রকাশের পর একইভাবে শুনতে পাওয়া যাবে সকল অডিও স্ট্রিমিং প্লাটফর্মগুলোতে।’
কিশোর পলাশ বলেন, ‘আমি মৌলিক গানের শিল্পী। শিল্পচর্চায় মৌলিকত্বের কোনো বিকল্প নেই। কাভার গান করা হয়না তাই প্রায় দুই বছর পর আসতে যাচ্ছে আমার গান। গান এবং এটির ভিডিও অনেকটা সময় আর যত্ন নিয়ে করেছি।’
এই সংগীতশিল্পী আরও বলেন, ‘আমরা যারা প্রতিনিয়ত দেশ এবং দেশের বাহিরে কনসার্ট করি, তাদের জন্য সময়টা অনুকূলে নয়। শিল্পী, গীতিকার, সুরকার সবাই লড়ছেন অধিকার আদায়ের বিষয় নিয়ে। তার মাঝেই বেশ কিছু গান করে রেখেছিলাম গত দুই বছরে। এর মধ্যে ‘যামুগারে পাগলা’ গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। যত্ন নিয়ে গানটি তৈরি করা হয়েছে। শ্রোতাদের ভালো লাগলেই আমি তৃপ্তি পাবো।’
/শাকিল