বিখ্যাত বলিউড প্রযোজক ও নির্মাতা করণ জোহরের আইকনিক ফ্র্যাঞ্চাইজি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’। এই ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে বলিউডে আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, অনন্যা পান্ডে এবং তারা সুতারিয়ার মতো তারকাদের অভিষেক হয়েছে। এবার এটির তৃতীয় কিস্তি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’-এ অভিনয় করতে যাচ্ছেন সঞ্জয় কাপুর কন্যা শানায়া কাপুর।

আগামী ২০ এপ্রিল মুম্বাইয়ে এটির শুটিং শুরু হবে। তবে সর্বশেষ দুবারের চেয়ে তৃতীয় কিস্তির কাজ কিছুটা আলাদা হতে চলেছে কেননা ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’ একটি ছয় পর্বের ওয়েব সিরিজ হতে চলেছে যেটা জিওহটস্টারে সম্প্রচারিত হবে বলে আশা করা হচ্ছে। অভিনেত্রী রীমা মায়া পরিচালিত এই সিনেমা নিয়ে জোর গুঞ্জন, ছবিটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন শানায়া।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সিরিজটি ৩০ দিনের একটি কঠোর সময়সূচির মধ্যে শুটিং করা হবে। এর আগে ছবিটির নির্মাতা রীমা মায়া তার ‘নকটার্নাল বার্গার’ (২০২৩)- এর জন্য অনেক বেশি প্রশংসিত হয়েছিলেন।
মিড-ডের সাম্প্রতিক এক প্রতিবেদনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, “গত ছয় বছর ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ৩’-এর প্রস্তুতির পর অবশেষে প্রযোজক করণ জোহর শুটিংয়ের জন্য সবুজ সংকেত দিয়েছেন। আগামী ২০ এপ্রিল থেকে এটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। ছয়টি পর্বের শুটিংয়ের জন্য মাত্র ৩০ দিনের একটু বেশি সময় লাগবে।”

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, এটি শানায়ার ক্যারিয়ারের চতুর্থ সিনেমা হতে চলেছে তবে ওটিটিতে প্রথম। মজার বিষয় হলো, এই ফ্র্যাঞ্চাইজিতে এই প্রথমবারের মতো দ্বৈত কোনো চরিত্র (শানায়া কাপুর) দেখা যাবে।
/শাকিল