অকারণে হর্ন না বাজাতে ড্রাইভারদের সচেতন করতে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি ওভিসি (অনলাইন ভিডিও কমার্শিয়াল) দারুণ সাড়া ফেলেছে। গত শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করার পর প্রথম পাঁচ দিনে ৫০ লাখেরও বেশিবার দেখা হয়েছে বিজ্ঞাপনটি। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিজ্ঞাপনটি ৫১ লাখ ভিউ (অর্গানিক) অতিক্রম করে।
‘নয়েজ পলিউশন কন্ট্রোল প্রজেক্ট বাই ডিওই’ নামক ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওটি সাড়ে ৬ হাজারের বেশিবার শেয়ার হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প’-এর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের অংশ হিসেবে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি। মূল ভাবনা ও গল্প রচনা করেছেন মো. নাজিম উদ্দিন (মাসুম)।
বিজ্ঞাপনে দেখা যায়, বাস ড্রাইভার মোশাররফ করিমের সঙ্গে হেল্পার চরিত্রে উপস্থিত হয়েছেন ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত মুখ রিপন মিয়া। অকারণে হর্ন না বাজাতে উদ্বুদ্ধ করতে প্রচারিত বিজ্ঞাপনটি দেখে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করেছেন। জাহিদ কামাল পলাশ নামের ফেসবুক আইডি থেকে একজন মন্তব্য করেছেন, ‘দারুণ বিজ্ঞাপন। জনগণের কাছে সুন্দর বার্তা পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ।’
মোহাম্মদ আব্দুর রহিম মন্তব্য করেছেন, ‘সুন্দর একটা বাস্তবতা তুলে ধরা হয়েছে। সবাই মেনে চলবেন।’ রাত্রি ইসলাম মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অসাধারণ বিজ্ঞাপন।’ বৃষ্টির ডেইলি ভ্লগ নামক একটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘অসাধারণ হয়েছে, খুবই ভালো লাগল অভিনয়টা। আসলেই ঠিক এরকম হর্ন বাজালে মানুষেরও ক্ষতি, নিজেরও ক্ষতি।’ বিজ্ঞাপনে মোশাররফ করিমের সংলাপ ‘বাজাব না অকারণে হর্ন, কমাব শব্দদূষণ’ নিজেরা মেনে চলার পাশাপাশি অন্যদেরও মেনে চলার পরামর্শ দিয়ে মন্তব্য করেছেন অসংখ্য নেটিজেন।
খুব অল্পসময়ে বিজ্ঞাপনটি ব্যাপক সাড়া পাওয়ার ব্যাপারে জানতে চাইলে মোশাররফ করিম বলেন, ‘আমার নিজেরও এমন ভাবনা ছিল যে এই ধরনের যেকোনো কাজ পেলে আমি করব। কারণ আমি এর আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। আমি মনে করি শিল্পী হিসেবে আমার দায়িত্বের জায়গা থেকেই এই ধরনের কাজ করা উচিত। সেই দায়িত্ববোধের জায়গা থেকেই এই কাজটি আমার করা এবং আমার কাছে কাজটি করে খুব ভালো লেগেছে। প্রচারে আসার পর অবশ্য বেশ সাড়া পাচ্ছি। তো কথা একটাই, যে কারণে এই বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে সেই কারণ বা উদ্দেশ্য সফল হলেই আমাদের সবার কষ্ট সার্থক হবে এবং আগামীদিনে আমরা এমন কাজ করতে অনুপ্রাণিত হব।’
উল্লেখ্য, গত ঈদে মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত শরাফ আহমেদ জীবন পরিচালিত সিনেমা ‘চক্কর’। এতে অভিনয় করে প্রশংসার ধারাবাহিকতাতে আরও এগিয়ে গেলেন।
/রিয়াজ