বলিউডের অন্যতম সফল অনস্ক্রিন জুটি শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। এই জুটির অভিনীত বেশির ভাগ ছবিই বক্স অফিসে ভালো আয় করেছে। সর্বশেষ ‘পাঠান’ সিনেমার ব্যবসায়িক সফলতার পর আবারও একসঙ্গে ‘কিং’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় ফিরছেন তারা। ইতোমধ্যেই ঘোষণাটি ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
এরই প্রেক্ষাপটে দীপিকা সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে তার বলিউড যাত্রার সূচনা এবং শাহরুখ খানের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ নিয়ে স্মৃতিচারণ করেছেন।

এই অভিনেত্রীর বলিউড অভিষেক হয় ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ সিনেমার মধ্য দিয়ে। শাহরুখ খানের বিপরীতে সেই ছবিতে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। প্রথম ছবিতে কাজের প্রসঙ্গে ভিডিওটিতে দীপিকা জানান, যখন পরিচালক ফারাহ খান প্রথমবার এই ছবির প্রস্তাব দেন তখন তিনি ভেবেছিলেন ফারাহ হয়তো রসিকতা করছেন। কিন্তু এটি যে সত্যি সেটা অভিনেত্রী তখনই বুঝতে পারেন যখন শাহরুখ খানের সঙ্গে তার দেখা করার সুযোগ আসে।
শাহরুখ খানের প্রতি তার মুগ্ধতা দীপিকাকে প্রথম সাক্ষাতে তিনি কীভাবে নিজেকে উপস্থাপন করবেন সে ব্যাপারে প্রভাবিত করেছিল। কিং খানের সঙ্গে প্রথম সাক্ষাতে সাদা রঙের পোশাক পরা প্রসঙ্গে অভিনেত্রী জানান, ‘আমি সাদা রঙ বেছে নিয়েছিলাম। কারণ এটি পবিত্রতা ও সরলতার প্রতীক এবং পুরোনো দিনের হিন্দি সিনেমার অলৌকিক সৌন্দর্যের প্রতিফলন।’ তাই তিনি একটি ক্ল্যাসিক সাদা চিকনকারি সালোয়ার কামিজ ও খোলা চুলের সাজে শাহরুখের বাড়িতে দেখা করতে গিয়েছিলেন।
দীপিকার স্মৃতিচারণায় আরও উঠে আসে, প্রথমবারের মতো কিং খানের সামনে বসার সময় তিনি ছিলেন কিছুটা নার্ভাস। কিন্তু শাহরুখের উষ্ণ ব্যবহার ও নম্রতা মুহূর্তেই সেই জড়তা ভেঙে দেয়। সেখান থেকেই দুজনের পেশাদার সম্পর্ক শুরু হয়, যা পরে চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, পাঠান, জওয়ান-এর মতো একের পর এক ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দিয়েছে।
/শাকিল