রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শীত হয়ে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘মাস্তুল’। এবার রাশিয়ায় ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসর এবং স্পেনের ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসরে আমন্ত্রণ পেয়েছে ছবিটি।
কাজান উৎসব শুরু হবে আগামী ৫-৯ সেপ্টেম্বর। মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত কাজানের বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি। এছাড়া আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসরে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’।
ইতোমধ্যেই ই-মেইলে দুই উৎসবের আমন্ত্রণপত্র পেয়েছেন ছবিটির নির্মাতা। এ সম্পর্কে নির্মাতা গণমাধ্যমকে বলেন, ‘এর আগে রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং রাশিয়ার চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত হয়ে প্রশংসিত হয়েছে সিনেমাটি। এবার কাজান ও স্পেন থেকে এল আমন্ত্রণ, নিঃসন্দেহে এটা পুরো ‘মাস্তুল’ টিমের জন্যই বিশেষ অনুপ্রেরণার।’
কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২১তম উৎসবে ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ প্রোগ্রামে প্রতিযোগিতার বাইরে থেকে ১০টি চলচ্চিত্র নির্বাচন করেছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। বাংলাদেশ ছাড়াও উৎসবে এবার নির্বাচিত হয়েছে রাশিয়া, কাজাখস্তান, ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সৌদি আরব, কিরগিজস্তান এবং উজবেকিস্তান–তুর্কমেনিস্তানের যৌথ প্রযোজনার সিনেমা।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন কাজান চলচ্চিত্র উৎসবে ৬৭টি দেশ থেকে জমা পড়েছে ৮৪৫টি চলচ্চিত্র। রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই উৎসবটি তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুস্তাম মিনিখানভের পৃষ্ঠপোষকতায় এবং রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপ-এর অংশীদারিত্বে অনুষ্ঠিত হচ্ছে।
এছাড়া স্পেনের উৎসবে যোগ দিতে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান পরিচালক। ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ।
/এমএস