দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। রবিবার (১৩ জুলাই) ভারতের হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে এই বর্ষিয়ান তেলুগু অভিনেতার বয়স ছিল ৮৩ বছর।
দীর্ঘ চার দশকের কেরিয়ারে সব মিলিয়ে প্রায় ৭৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। অভিনয়ের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিও করেছেন তিনি। এক সময় তিনি বিজেপির বিধায়ক ছিলেন।
১৯৪২ সালের ১০ জুলাই অন্ধপ্রদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। বাবা ছিলেন স্পেশাল চিকিৎসক। ছোট থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে বড় হলেও একসময় অজান্তেই অভিনেতা হওয়ার শখ তৈরি হয় তার। যদিও মঞ্চে অভিনয়ের পাশাপাশি স্টেট ব্যাঙ্কে চাকরি করতেন তিনি।
১৯৭৮ সালে ‘প্রণাম খারিদু’ ছবি দিয়ে বড় পর্দায় আসেন এই অভিনেতা। তেলেগু ছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ছবিতেও।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করেন।
অমিয়/