দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘদিন ছোটপর্দায় দর্শক মাতানোর পর এবার বড় পর্দায় নাম লেখালেন তিনি। তাও আবার বাংলাদেশের কোন সিনেমাতে নয়, ভারতের টলিউড ইন্ডাস্ট্রির একটি সিনেমায় নাম লিখিয়ে রুপালি পর্দায় অভিষেক করবেন এই অভিনেত্রী। এক্ষেত্রে বড় চমক, প্রথম ছবিতেই হিন্দি সিনেমার ‘থ্রি ইডিয়টস’খ্যাত জনপ্রিয় অভিনেতা শারমান যোশির সঙ্গে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে তাকে।
তিশা ক্যারিয়ারের শুরু থেকেই অনেকবার সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও পছন্দসই গল্প না পাওয়ায় আর বড় পর্দায় কাজ করেননি। অবশেষে নিজের পছন্দমতো গল্প পেয়ে এবারের সুযোগ আর হাতছাড়া করলেন না ছোটপর্দার জনপ্রিয় এই তারকা।
রোমান্টিক গল্পের ‘ভালবাসার মরসুম’ শিরোনামের এ ছবিটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা এম এন রাজ। এর আগে এই পরিচালক কলকাতায় চিত্রনায়ক জিৎ এর জনপ্রিয় ‘রাবন’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। আসন্ন এ সিনেমায় তিশা ছাড়া আরও থাকছেন আরেক বাংলাদেশি অভিনেতা খাইরুল বাশার।
সিনেমা প্রসঙ্গে পরিচালক বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘এটা একদম রোমান্টিক প্রেমের ছবি। এখানে সম্পর্কের গল্প, বন্ধুত্বের গল্প, পরিবারের গল্প আছে। এই ছবিটার মূল কাস্টিংই হচ্ছে তানজিন তিশা, পুরো ছবির গল্প ঘিরে অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্তই সে রয়েছে। বাসার রয়েছে, তার চরিত্রটাও অনেক গুরুত্বপূর্ণ। মনে হয়েছে চরিত্রটি একদম তার জন্যই।
এছাড়া শারমান যোশি রয়েছেন, এখানকার সুস্মিতাও রয়েছেন। এটা শারমানের প্রথম বাংলা সিনেমা হতে যাচ্ছে। যেহেতু তিশাকে ঘিরেই গল্প, এখানে শারমান এবং বাসার দুজনের সঙ্গেই তার রসায়ন থাকবে।’
‘এই ছবিটার জন্য তিশার সঙ্গে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। সে অনেকদিন আগে কলকাতায় এসেছিল, তখনই গল্প শুনেছে; আমরা এসব নিয়ে এগুচ্ছিলাম। এবার বাংলাদেশে গিয়ে কিছুদিন আগে সাইনিং করে এলাম,’- আরও যোগ করেন তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে ছবির কাস্টিং ডিরেক্টর শরিফকে নিয়ে ঢাকায় এসেছিলেন এ নির্মাতা। তখনই দেশের কয়েকজন চিত্রনায়িকার সঙ্গে মিটিং করে শেষে তানজিন তিশার সঙ্গে চুক্তি করে কলকাতায় ফিরে যান তিনি। বলিউড অভিনেতা শারমান যোশিও এ সিনেমায় কাজ করার বিষয়টি ভারতের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চলতি বছর সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দার্জিলিংয়ে ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। ‘ভালবাসার মরসুম’ ২০২৬ সালের ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
/এমএস