বলিউড বাদশাহ শাহরুখ খান বড় পর্দায় অভিষেকের পর থেকেই ইন্ডাস্ট্রি শাসন করে চলেছেন। একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন। দুনিয়াজুড়ে এ অভিনেতার অসংখ্য ভক্তকুল ছড়িয়ে-ছিটিয়ে আছে। অথচ ৩৩ বছরের ক্যারিয়ারে এতদিন একটি পুরস্কার অধরা ছিল তার। সেটা হলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়। অবশেষে সেই আকাঙ্খিত পুরস্কারটিও উঠতে যাচ্ছে কিং খানের হাতে।
গতকাল ১ জুলাই শুক্রবার সন্ধ্যায় বহুল প্রতীক্ষিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফলাফল ঘোষণা করা হয়। সেখানে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে নাম ঘোষণা করা হয় শাহরুখ খানের।
বিশ্বব্যাপী অসংখ্য পুরস্কার আর ভালোবাসা জয় করলেও প্রথমবারের মতো নিজ দেশের সিনেমা জগতের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন এ অভিনেতা। এ নিয়ে দেশ-বিদেশের শাহরুখ ভক্তরা সামাজিক মাধ্যমে প্রিয় তারকার এই অর্জনে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন।
এবার ভক্তদের সঙ্গে সেই উন্মাদনায় শাহরুখ নিজেও শামিল হলেন। গতকাল শুক্রবার জুরি বোর্ডের পক্ষ থেকে বলিউড বাদশাহর নাম ঘোষণার পর রাতেই ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ।
জাতীয় পুরস্কার পেয়ে ভক্তদের ও জুরি বোর্ডকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করেন জওয়ানের পরিচালক অ্যাটলির প্রতিও। তবে শাহরুখকে দেখে বেশ চিন্তায় পড়ে যান তার অনুরাগীরা। কারণ, ভিডিওতে কিং খানকে এক হাতে প্লাস্টার করা অবস্থায় দেখা গেছে।
অভিনেতার বহুল আলোচিত ‘কিং’ ছবির শুটিংয়ে আঘাত পেয়েছিলেন শাহরুখ। তাই বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আর সেখান থেকেই ভিডিও বার্তায় সবাইকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশা।
/এমএস