নতুন ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মাস্টার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। আগামীকাল ৮ আগস্ট থেকে আরটিভিতে প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় প্রচার হবে।
এতে অভিনয় করেছেন যাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডা. এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূঁইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ, মতিউর রহমান, শফিউল আলম বাবু, আল আমিন দুররানী, রেশমা আহমেদ, সুমাইয়া অর্পা, রকি খান, সালমান আরাফাত, তমা ইসলাম প্রমুখ।
নাটকটিতে দেখা যাবে শহরের নামজাদা শিল্পপতির ছেলে রাজিব। সে ডানপিঠে। বাবার কাজকর্ম তার ভালো লাগে না। বাবার সঙ্গে অভিমান করে বিদেশ যাওয়ার নাম করে একরকম হারিয়ে যায়। শহরের এককোণে সাধারণ মানুষের সঙ্গে মিলে যায়। নতুনভাবে জীবনকে বোঝার জন্য ফুচকার দোকান দেয়। তার সেই ফুচকার দোকানে শহরের নামিদামি ছেলেমেয়েরা এসে ফুচকা খায়।
এক ধনীর দুলালী মীম তার বান্ধবীর সঙ্গে একদিন ফুচকা খেতে আসে। কোনো এক কারণে রাজিবের সঙ্গে মীমের ঝগড়া হয়। সেই ঝগড়ার মাত্রা ক্রমেই বাড়তে থাকে। ঝগড়া কখন থামবে পরে জানা যাবে।
অন্যদিকে, উত্তরায় ১৩ নম্বর সেক্টরে বিশাল বাড়ির মালিক জুলমত আলী। সেই জুলমত আলী দাবা খেলার প্রতি আসক্ত। তার বাসার ছয়তলায় ভাড়া থাকে খোকা, বদি এবং মামুন। তারা তিনজনই বেকার। এক বাসায় তিন মাসের বেশি থাকতে পারে না।
খোকা আর বদি সেই রকম বাটপার। মামুন একটু নরম প্রকৃতির। জুলমত আলীর একমাত্র মেয়ে নুরজাহান। তাদের অরজিনাল বাড়ি পুরান ঢাকা। বদি মিয়ার চিন্তা হলো কোনোভাবে যদি বাড়িওয়ালার মেয়ে নুরজাহানকে পটানো যায়। রাজকন্যা ও রাজ্য দুটোই তার হয়ে যাবে। তার জন্য জুলমত আলীকে ম্যানেজ করতে সারাক্ষণ চেষ্টা চালায়।
কিন্তু নুরজাহান বদিকে কোনোভাবেই সহ্য করতে পারে না। সে পছন্দ করে গৃহশিক্ষক মাসুমকে। এদিকে এলাকার রংবাজ গিটু সুমন তাদের বসের ভাগনি লুবনাকে ভালোবাসে। কিন্তু লুবনা তাকে পাত্তা দেয় না।
খোকা, বদি ফুলমতি খালার ভাতের হোটেলে বাকি খায়। সেই বাকি টাকা উঠাতে গিয়ে তুলকালাম কাণ্ড ঘটে। রাজিবের সঙ্গে লুবনার একধরনের সখ্যতার সৃষ্টি হয়। বাধা দেয় মীম। টানাপোড়েন শুরু হয়। এভাবে এগিয়ে যায় গল্প।
/ এস লুপিন