সাদা কাফনে মোড়ানো অভিনেতা তৌসিফ মাহবুব। কবরে তার লাশ। আর লাশের ওপর কিলবিল করছে জ্যন্ত কয়েকটি সাপ। এমন দৃশ্যের একটি ভিডিও কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। এরপর প্রকাশিত হয় একটি পোস্টার। এ থেকে জানা যায়, এটি একটি নাটকের দৃশ্য। নাটকটির নাম ‘খোয়াবনামা’। এটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। এই নাটকের তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
এবার নাটকটির ট্রেইলার এসেছে প্রকাশ্যে। ১ মিনিট ৪২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে কবরে শুয়ে আছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তার শরীরের ওপর ছড়িয়ে আছে সাপ। এ ছাড়া রূপা নামে এক তরুণীর সঙ্গে তৌসিফের প্রেম ও তাকে পাওয়ার আকুলতার ঝলকও উঠে এসেছে।
নাটকের চিত্রনাট্যকে ভালোবাসার গল্প, কিন্তু এতে জীবনের ভয়ানক বা দুঃখজনক পরিণতি দেখানো হয়েছে। সেখানে প্রেম ও ঘৃণাকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে তুলে ধরেছেন নির্মাতা। ‘খোয়াবনামা’ নাটকের ট্রেইলার প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মধ্যে নাটকটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছেন তৌসিফ, তিশা ও নির্মাতা। আগামী ২৮ আগস্ট নাটকটি দেখা যাবে ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে। তৌসিফ ও তানজিন তিশা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু প্রমুখ।
নাটক সম্পর্কে নির্মাতা ভিকি জাহেদ বলেন, ‘‘নাটকের পোস্টার দেখার পর অনেকের মধ্যে ‘খোয়াবনামা’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। পোস্টারটি অনেক দর্শকের কাছে পৌঁছেছে, কবে নাটকটি প্রচারে আসবে সেই প্রশ্ন অনেকের ছিল। আমার জন্মদিনকে ঘিরে আগামী ২৮ আগস্ট প্রচার হবে।’
তিনি আরও বলেন, ‘পোস্টার দেখে অনেকে ভেবেছিলেন এটা গ্রাফিক্স দিয়ে করানো বা ডামি ব্যবহার করা হয়েছে। কিন্তু আমরা রিয়েলিস্টিকভাবেই সাপ দিয়ে এই দৃশ্য ধারণ করেছি। আমি তো প্ল্যাটফর্ম চিন্তা করে কাজ করিনি, গল্পের প্রয়োজনে সেটা যতটুকু বাস্তব করা যায় আমি সেটাই করি।’’
উল্লেখ্য, ‘খোয়াবনামা’ ছাড়াও ভিকি জাহেদ নির্মিত ওয়েব সিরিজ ‘আকা’ আসছে হইচই ওটিটি প্লাটফর্মে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা।
/এমএস