দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী আবারও বিয়ে করতে যাচ্ছেন। জানা গেছে, মূলত এ কারণেই গত কয়েকমাস যাবত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন তিনি। বিয়ে প্রসঙ্গে এ পরিচালক গণমাধ্যমে জানান, নিউইয়র্ক স্থানীয় সময় আগামীকাল সকালে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা।
জানা গেছে, পাত্রীর নাম মুশফিকা মাসুদ। তিনি পেশায় একজন চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে তিনি আইন বিষয়ে স্নাতক করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেছেন। তারপর ব্রুকলিক কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়েও পড়াশোনা করেছেন মুশফিকা।
এদিকে আজ শুক্রবার দুপুরে দুজনের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে অমিতাভ রেজা লিখেছেন, ‘কখনো সহযাত্রী, কখনো সহযোদ্ধা, কিন্তু ভাবিনি কখনো আমার থেকে ফাজিল কারো সঙ্গে জীবন কাটাব। আহারে জীবন…।’ অমিতাভ রেজার সেই পোস্টে শোবিজ অঙ্গনের অনেকেই শুভকামনা জানিয়েছেন।
মুশফিকা মাসুদ বলেন, ‘অমিতাভ খুবই চমৎকার একজন মানুষ। অসাধারণ মেধাবী। দুর্দান্ত সিনেমা পরিচালক। আমরা দুজন একই ভাষায় কথা বলি। সত্যি কথা বলতে, ও যেভাবে ভালোবেসেছে, কোনো বাঙালি এভাবে ভালোবাসতে পারে, তা সত্যিই অবিশ্বাস্য। ওর ভালোবাসাই আমাকে ভালোবাসা শিখিয়েছে।’
উল্লেখ্য, এটি অমিতাভ রেজা চৌধুরীর তৃতীয় বিয়ে। এর আগে আরও দু’বার বিয়ে করলেও শেষ পর্যন্ত দুবারই তাকে বিচ্ছেদের পথে হাঁটতে হয়েছে।