বাংলাদেশের ব্যান্ডসংগীতের অন্যতম জনপ্রিয় তারকা পার্থ বড়ূয়া। নব্বইয়ের দশকের প্রাক্কালে ঐতিহ্যবাহী ব্যান্ড ‘সোলস’-এ যোগ দেন তিনি। শুরুতে কিবোর্ডিস্ট হিসেবে ছিলেন। পরে লিড গিটার বাজান। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ‘আজ দিন কাটুক গানে’ অ্যালবামে পার্থ বড়ূয়ার গাওয়া ‘কেন এই নিঃসঙ্গতা’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এর পর থেকে সোলসের গিটারিস্ট এবং ভোকাল শিল্পী হিসেবে নিয়মিত হয়ে ওঠেন এই তারকা।
এ ছাড়া ব্যান্ডের মূল কম্পোজারের কাজও করেন তিনি। বর্তমানে ব্যান্ডের কার্যক্রম পরিচালিত হয় তাকে কেন্দ্র করেই। সোলসের সঙ্গে প্রায় ৩৫ বছরের পথচলায় নব্বইয়ের দশককে আলাদাভাবে মূল্যায়ন করেন তিনি।
মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে তার কাছ থেকে শোনা যাবে সেই সময়ের গল্প। বাংলাদেশের ব্যান্ডসংগীতের সোনালি অধ্যায় হিসেবে বিবেচিত নব্বইয়ের দশকেই উত্থান হয় তার। কিবোর্ডিস্ট হিসেবে সোলসে এসে পরবর্তী সময়ে মূল শিল্পী হয়ে ওঠা, সেই সময়ের রেকর্ডিং, স্টুডিও কালচার, গানের আড্ডা, গান তৈরির গল্পসহ অনেক স্মৃতিকথা বলবেন তিনি এ অনুষ্ঠানে।
রিয়াদ শিমুলের গ্রন্থনা এবং এস এম হুমায়ুন কবিরের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ২২ নভেম্বর, শনিবার রাত ১২টায়।
/এমএস