স্ন্যাকস মানেই মনের মতো, একটু নিজের মতো করে বানানো। মৌসুমি সবজি হতে পারে স্ন্যাকসের অনুষঙ্গ। মচমচে, কুড়কুড়ে, মসলাদার স্ন্যাকস প্রাণবন্ত করতে পারে যেকোনো আড্ডাকে। ঝটপট সহজেই বানিয়ে নিতে পারেন কিছু স্ন্যাকস।

চিকেন ফ্রাই
উপকরণ
চিকেন ১টি (১০ পিস), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ময়দা ২ কাপ, তেল ভাজার জন্য।
প্রণালি
প্রথমেই মুরগি পিস করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। একটি বোলে মুরগির পিসগুলো নিয়ে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, সয়াসস, মরিচ গুঁড়া, গোল মরিচ গুঁড়া, লবণ ও লেবুর রস দিয়ে মাখিয়ে ৩০ মিনিট রেস্টে রাখুন। এরপরে ময়দাতে মেরিনেট করা মুরগির পিসগুলো গড়িয়ে নিন। এবার অন্য একটি প্যানে তেল গরম করে নিন। এতে অল্প আঁচে ডুবো তেলে মুরগির পিসগুলো ফ্রাই করে নিন। ব্যস, পরিবেশনের জন্য তৈরি মজাদার মচমচে চিকেন ফ্রাই।

চিকেন চিজ ব্রেড রোল
উপকরণ
চিকেন কিমা ২৫০ গ্রাম, স্লাইস পাউরুটি ১০ পিস, পেঁয়াজ কুচি ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লবণ ১ চা চামচ, তেল ১ টেবিল চামচ, চিজ গ্রেড করা ১ কাপ, ব্রেড ক্রাম্প ২ কাপ, ডিম ২ টা, তেল ভাজার জন্য।
প্রণালি
প্রথমে একটি প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে দিন। গরম হলে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিন। একটু ভাজা হলে এর মধ্যে চিকেন কিমা, আদা বাটা, চিলি ফ্লেক্স, সয়াসস, টমেটো সস ও লবণ দিয়ে ভালো করে রান্না করে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা হলে গ্রেড করা চিজ মিশিয়ে নিন। স্লাইস পাউরুটিগুলো রোলার দিয়ে বেলে ফ্ল্যাট করে নিন। এর মধ্যে চিকেন পুর দিয়ে রোল করে নিন। ডিম ভেঙে গুলিয়ে নিন। রোলগুলো ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিন। এবার অন্য একটি প্যানে ভাজার জন্য তেল গরম করে নিয়ে রোলগুলো ভেজে নিন। তৈরি হয়ে গেল মজাদার চিকেন চিজ ব্রেড রোল।
.jpg)
ব্রকলি টোস্ট
উপকরণ
ব্রকলি ১টি, চিজ গ্রেড করা ১ কাপ, ডিম ১টি, গার্লিক পাউডার ১ চা চামচ, ব্রেড ক্রাম্প ১ কাপ, গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ ২ চা চামচ।
প্রণালি
প্রথমে ব্রকলি পিস করে কেটে নিয়ে ১ মিনিট সেদ্ধ করে নিন। চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে কিমা করে নিন। একটি বোলে কিমা করা ব্রকলি, চিজ, ডিম, গার্লিক পাউডার, ব্রেড ক্রাম্প, গোল মরিচ গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিন। বেকিং ট্রেতে বেকিং পেপার দিন। এবার ব্রকলি মিক্সড দিয়ে ছোট ছোট পিস করে কাটলেটের মতো বানিয়ে বেকিং ট্রেতে রাখুন। ইলেকট্রিক ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৮ থেকে ৯ মিনিট বেক করুন। নামিয়ে উল্টে দিয়ে আরও ৮ মিনিট বেক করুন। ওভেন থেকে নামিয়ে সসের সঙ্গে পরিবেশন করুন ব্রকলি টোস্ট।
কলি