ঝিনাইদহের কালীগঞ্জে ও জয়পুরহাটে ২০২৫-২৬ আখ রোপণ মৌসুমের উদ্বোধন করা হয়েছে। দুটি অনুষ্ঠানে কৃষকদের অংশগ্রহণে আখ রোপণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ চিনিকল (মোচিক) এলাকায় গত সোমবার বেলা ১১টার দিকে মিল এলাকার পুখুরিয়া গ্রামের আখচাষি মাজেদুল ইসলামের জমিতে আখখণ্ড রোপণের মধ্য দিয়ে মৌসুমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (বীজ পরিদর্শন) রওশন আরা আরজু। উদ্বোধনের আগে স্থানীয় কৃষকদের নিয়ে আখচাষ বৃদ্ধি ও মিলমুখী পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জুবায়ের। আরও উপস্থিত ছিলেন জিএম (কৃষি) গৌতম কুমার মণ্ডল, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম রিংকু, সাধারণ সম্পাদক জাহিদুর ইসলাম, সাব জোন প্রধান তোজাম্মেল হকসহ মিল ও স্থানীয় কৃষক প্রতিনিধিরা।
এদিকে জয়পুরহাট সুগার মিলে গত রবিবার দুপুর ১২টায় সদর উপজেলার নুরপুর গ্রামের কৃষক বকুল হোসেনের জমিতে আখ রোপণ উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (মিলস ফার্ম) মোহাম্মদ শহিদ উল্লাহ, জিএম (কৃষি) তারেক ফরহাদ, জিএম (কারখানা) আবদুর রাজ্জাক, জিএম (অর্থ) মোহাম্মদ আতিকুজ্জামানসহ চিনিকলের কর্মকর্তারা।
জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক জানান, গত কয়েক বছর আখচাষ কম হওয়ায় মিল কম সময় চলেছে এবং লোকসান গুনতে হয়েছে। তবে গেল মৌসুমে আখ উৎপাদন বাড়ায় মিল দীর্ঘদিন চালু রাখা সম্ভব হয়। এতে লোকসান কমে আসে। এ মৌসুমে লোকসান আরও কমাতে জোন এলাকায় ৩৭ হাজার একর জমিতে আখচাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আখচাষ বাড়লে জয়পুরহাট চিনিকল আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।