অটোমোবাইল বাজারে টয়োটা তাদের বৈদ্যুতিক গাড়ির বহর বাড়াতে আরও একধাপ এগিয়েছে। সুবারুর সঙ্গে যৌথভাবে তৈরি ব্যাটারিচালিত এসইউভি সিরিজের নতুন সংযোজন হিসেবে টয়োটা উন্মোচন করেছে অল-ইলেকট্রিক ‘সি-এইচআর’। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত গাড়িটি জ্বালানিচালিত ইঞ্জিন নিয়ে বাজারে থাকলেও ২০২৬ মডেলের জন্য এটি সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করছে।
নতুন সি-এইচআর তৈরি করা হয়েছে টয়োটার ‘ই-টিএনজিএ’ প্ল্যাটফর্মে। এতে স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে ডুয়াল-মোটর অল-হুইল ড্রাইভ ব্যবস্থা। গাড়িটির সম্মিলিত ক্ষমতা ৩৩৮ হর্সপাওয়ার। টয়োটা দাবি করছে, এটি মাত্র ৪.৯ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতি তুলতে সক্ষম। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় চালানোর জন্য এর সাসপেনশন টিউনিং করেছে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুবারু। ফলে ছোট ও হালকা হওয়ার কারণে এটি বেশ স্পোর্টি অভিজ্ঞতা দেবে।
গাড়িটিতে ৭৪.৭ কিলোওয়াট-আওয়ারের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ইপিএ রেটিং অনুযায়ী, একবার পূর্ণ চার্জে এটি প্রায় ২৮৭ মাইল পথ পাড়ি দিতে পারবে। ছোট আকারের হলেও গাড়িটির ভেতরে মালামাল রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। পেছনের সিট থাকা অবস্থায় এর কার্গো স্পেস ২৫.৩ কিউবিক ফিট, যা সিট ভাঁজ করলে ৫৯.৫ কিউবিক ফিট পর্যন্ত বাড়ানো সম্ভব।
গাড়িটির ভেতরে প্রযুক্তি ও আরামের সমন্বয় করা হয়েছে। ড্যাশবোর্ডে রয়েছে ১৪ ইঞ্চির একটি বড় টাচস্ক্রিন ডিসপ্লে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এতে দুটি ওয়্যারলেস চার্জিং প্যাড দেওয়া হয়েছে। এ ছাড়া গ্রাহকরা চাইলে প্যানোরামিক ছাদ এবং পছন্দমতো অ্যাম্বিয়েন্ট লাইটিং সুবিধা যুক্ত করতে পারবেন। চালকের সুবিধার্থে এতে রিজেনারেটিভ ব্রেকিং নিয়ন্ত্রণের জন্য স্টিয়ারিং হুইলে প্যাডেল দেওয়া হয়েছে।
আগামী মাস থেকে এই নতুন সি-এইচআর বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে টয়োটা। যুক্তরাষ্ট্রের বাজারে এর প্রারম্ভিক দাম ধরা হয়েছে ৩৮ হাজার ৪৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫ লাখ টাকার বেশি। স্পোর্টি পারফরম্যান্সের কারণে এটি তরুণ প্রজন্মের কাছে বেশ গ্রহণযোগ্য হবে বলে ধারণা করা হচ্ছে।