প্রাথমিক শিক্ষায় স্যার ফজলে হাসান আবেদের রয়েছে অভূতপূর্ব অবদান। তিনি ৪৫ হাজার প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। সমাজের সবাইকে সম্পৃক্ত করতে উদ্ভাবনী শিক্ষাপদ্ধতি চালু করেছেন তিনি। ফজলে হাসান আবেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এক স্মরণ সভায় এসব কথা বলেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের সিনিয়র ডিরেক্টর সৈয়দা সারওয়াত আবেদ।
বুধবার (২০ ডিসেম্বর) ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানায় ব্র্যাক।
সকালে ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজের নেতৃত্বে বনানী কবরস্থানে ফজলে হাসান আবেদের কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ব্র্যাক ইউনিভার্সিটিতে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ডিরেক্টর প্রফেসর শায়লা সুলতানা, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) সাহুল আফজালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ‘কেবল আনুষ্ঠানিকতায় নয়, ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা, পাঠদান এবং পাঠ্যক্রমের মধ্যে স্যার ফজলে হাসান আবেদ এবং তার অবদান আজীবন বেঁচে থাকবেন।’
অনুষ্ঠানে স্যার ফজলে হাসানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃতি ও সংগীত পরিবেশন করেন ব্র্যাক ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষক। অনুষ্ঠানে ডিজিটাল ফটো প্রদর্শনীর মাধ্যমে স্যার ফজলের জীবনের স্মরণীয় মুহূর্তগুলোকে সবার সামনে তুলে ধরা হয়। টানা সাত দিন এই ফটো প্রদর্শনী চলবে।