রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহিদ মুখতার ইলাহী হলে রিডিং রুম তৈরির কাজ চলমান অবস্থায় সেখানে পুনরায় টিভি স্থাপন করায় ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, হলের রিডিং রুমটি শিক্ষার্থীর সংখ্যার তুলনায় অনেক ছোট। এ কারণে দীর্ঘদিন ধরে তারা বৃহৎ আকারের টিভি রুমটিকে রিডিং রুমে রূপান্তরের দাবি জানিয়ে আসছিল। তাদের দাবি টিভি রুমকে রিডিং রুম এবং বর্তমান রিডিং রুমকে টিভি রুম হিসেবে ব্যবহার করা।
আবাসিক শিক্ষার্থীরা জানান, প্রায় দুই মাস আগে টিভি রুমকে রিডিং রুমে রূপান্তরের কাজ শুরু হয়। তবে এখনও কাজ সম্পন্ন হয়নি। এর মধ্যে ঈদের ছুটি শেষে হল খুলতেই ওই কক্ষে আবার টিভি স্থাপন করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, বিশ্বকাপ খেলা বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে এলইডি স্ক্রিনে দেখানো হয়। সবাই মাঠে গিয়ে খেলা দেখে। হলের টিভি রুমে কেউ খেলা দেখে না। তাই শিক্ষার্থীদের পড়াশোনার জন্য রিডিং রুমের ব্যবস্থা করে দেওয়া উচিত।
হলের আবাসিক শিক্ষার্থী রাকিবুল হাসান খবরের কাগজকে বলেন, ’ঈদের আগে টিভি রুমকে রিডিং রুমে রূপান্তরের কাজ শুরু হয়েছিল। ভেতরের অধিকাংশ কাজ শেষ হলেও টেবিল-চেয়ার স্থাপন বাকি ছিল, যা ঈদের পর সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু অফিস খোলার দিনই সেখানে আবার টিভি বসানো হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এত গুরুত্বপূর্ণ একটি কাজ অসম্পূর্ণ রেখে দেওয়া দুঃখজনক।‘
আরেক আবাসিক শিক্ষার্থী গোলাম রহমান শওন খবরের কাগজকে বলেন, ’আমি বিষয়টি নিয়ে সরাসরি হল প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলেছি। আমাকে জানানো হয়েছে, কিছু শিক্ষার্থীর অনুরোধে বিশ্বকাপ উপলক্ষে সাময়িকভাবে টিভি স্থাপন করা হয়েছে। তবে রিডিং রুমের চেয়ার-টেবিলের কাজ এখনও শেষ হয়নি। প্রায় ৪০ দিনের বেশি সময় পেরিয়ে গেলেও কাজ শেষ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ’অফিসে এসে দেখা করলে এ বিষয়ে কথা বলব।’
আজম/থিওটোনিয়াস