নতুনপাড়া গ্রামের মানুষ ফুটবল নিয়ে এমন পাগল যে, বিশ্বকাপ এলেই গ্রামের গরু-ছাগল পর্যন্ত যেন দুই দলে ভাগ হয়ে যায়। কেউ ব্রাজিলের সমর্থক, কেউ আর্জেন্টিনার। বাজার, মাঠ, এমনকি চায়ের দোকানেও আলোচনা চলতে থাকে!
এই গ্রামের সবচেয়ে বড় ফুটবল বিশেষজ্ঞ ছিলেন কুদ্দুস মিয়া। যদিও তিনি জীবনে কোনো ফুটবল ম্যাচ মাঠে খেলেননি, তবু তার দাবি–‘বিশ্বকাপ সম্পর্কে আমি যা জানি, ফিফার লোকজনও তা জানে না!’
গ্রামের লোকজন তাই তাকে ডাকত–‘ফিফার বাপ’।
একদিন বিকেলে মান্নানের চায়ের দোকানে বসে কুদ্দুস মিয়া ঘোষণা দিলেন–‘এইবার বিশ্বকাপ কে জিতবে, আমি এখনই বলে দিতে পারি।’
সবাই চুপ করে তার দিকে তাকাল।
নাসের মিয়া বললেন–‘তা হলে বলেন শুনি কোন দল জিতবে?’
কুদ্দুস মিয়া গম্ভীর মুখে চায়ে চুমুক দিয়ে বললেন–‘যে দল সবচেয়ে বেশি গোল দেবে, সেই দলই জিতবে।’
কয়েক সেকেন্ড নীরবতার পর পুরো দোকান হাসিতে ফেটে পড়ল।
রহিম বলল–‘এইটা তো আমরা সবাই জানি!’
কুদ্দুস মিয়া মাথা নেড়ে বললেন–‘জানো ঠিকই, কিন্তু আমার মতো আত্মবিশ্বাস নিয়ে বলতে পারো কি?’
এর পর থেকে গ্রামের সবাই তাকে আরও বেশি ‘ফিফার বাপ’ বলতে শুরু করল।
বিশ্বকাপ শুরু হওয়ার কয়েক দিন আগে কুদ্দুস মিয়া ঘোষণা দিলেন যে, তিনি নিজের বাড়ির ছাদে গ্রামের সবচেয়ে বড় পতাকা উড়াবেন। সকালে দেখা গেল সত্যিই বিশাল এক কাপড় উড়ছে। কিন্তু কাছে গিয়ে সবাই হতবাক। ওটা কোনো দেশের পতাকা নয়, স্থানীয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ব্যানার!
নাসের মিয়া বললেন–‘চাচা, এইটা কোন দেশের পতাকা?’
কুদ্দুস মিয়া একবার তাকিয়ে বললেন–‘তোমরা বুঝবা না। এইবার নতুন একটা দল খেলতে নামছে।’
–দলের নাম কী?
–নতুনপাড়া ইউনাইটেড।
কেউ কেউ মজা বুঝলেও গ্রামের কয়েকজন বৃদ্ধ সত্যি সত্যিই বিশ্বাস করে ফেললেন।
একজন তো বলেই বসলেন–‘মনে হয় ইউরোপের কোনো দেশ হবে!’
বিশ্বকাপ শুরু হওয়ার দিন কুদ্দুস মিয়া গ্রামের মাঠে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করলেন। সবাই রাতে মাঠে হাজির।
কুদ্দুস মিয়া গর্ব করে বললেন–‘আজ তোমরা আন্তর্জাতিক মানের সম্প্রচার দেখবা।’
কিন্তু খেলা চালু করার বদলে তিনি ভুল করে নিজের নাতির অনলাইন ক্লাস চালু করে দিলেন। পর্দায় শিক্ষক বলছেন–‘বাচ্চারা, আজ আমরা ভগ্নাংশের যোগ-বিয়োগ শিখব।’
কুদ্দুস মিয়া হাততালি দিয়ে বললেন–‘দেখছ? ম্যাচের আগে কোচ কৌশল শিখাচ্ছে!’
পনেরো মিনিট পরও যখন ভগ্নাংশই চলতে থাকল, তখন সবাই বুঝল ব্যাপারটা।
রাগে একজন চিৎকার করল–‘এইটা তো ক্লাস!’
কুদ্দুস মিয়া বললেন–‘বড় টুর্নামেন্টে সবই হয়। একটু ধৈর্য ধরো।’
এর পর কোনোভাবে আসল খেলা চালু হলো। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। বিদ্যুৎ চলে গেল। সবাই হতাশ!
কুদ্দুস মিয়া সঙ্গে সঙ্গে বললেন–‘চিন্তা নাই। আমার কাছে বিশেষ ব্যবস্থা আছে।’
তিনি ঘর থেকে একটা পুরোনো রেডিও নিয়ে এলেন।
রেডিও চালু হতেই শোনা গেল–‘আজকের আবহাওয়ার খবর!’
লোকজন আবার হাসতে শুরু করল।
এক সপ্তাহ পর কুদ্দুস মিয়া নিজেকে ফুটবল বিশ্লেষক ঘোষণা করলেন। তিনি প্রতিদিন নতুন নতুন ভবিষ্যদ্বাণী করতেন।
একদিন বললেন–‘যে দল কাল জিতবে, তাদের জার্সির রং হবে লাল, নীল, হলুদ অথবা সাদা।’
রহিম বলল–‘চাচা, তা হলে তো প্রায় সব দলই এর মধ্যে পড়ে!’
কুদ্দুস মিয়া উত্তর দিলেন–‘এই জন্যই তো আমি বিশেষজ্ঞ!’
ফাইনালের দিন পুরো নতুনপাড়া উত্তেজনায় ফেটে পড়ল।
কুদ্দুস মিয়া সকাল থেকেই বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন।
কারণ তিনি আগের দিন ঘোষণা দিয়েছেন–‘আমি নিশ্চিত, ফাইনালে যে দল জিতবে তারা হারবে না।’
এই রহস্যময় ভবিষ্যদ্বাণী শুনে সবাই বিভ্রান্ত। খেলা শেষে সত্যিই যে দল জিতল, তারা হারেনি। কুদ্দুস মিয়া আনন্দে লাফিয়ে উঠলেন।
–দেখলা? আমার ভবিষ্যদ্বাণী শতভাগ সঠিক!
নাসের মিয়া বললেন–‘এইটা তো স্বাভাবিক কথা!’
–‘স্বভাবিক হোক আর অসাধারণ হোক, ঠিক তো হয়েছে!’
পরদিন তিনি নিজের সম্মানে সংবর্ধনার আয়োজন করলেন।
বড় ব্যানার টাঙানো হলো–‘বিশ্ববিখ্যাত ফুটবল বিশ্লেষক ফিফার বাপ কুদ্দুস মিয়াকে গণসংবর্ধনা।’
কিন্তু অনুষ্ঠানে উপস্থিত মাত্র চারজন। একজন এসেছেন খিচুড়ি খেতে, একজন বৃষ্টির হাত থেকে বাঁচতে। একজন ভুল করে ভেবেছেন এখানে নাকি সরকারি অনুদান দেওয়া হবে। আরেকজন এসেছেন মাইকের শব্দ শুনে।
তবুও কুদ্দুস মিয়া মঞ্চে উঠে বললেন–‘আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত।’
ঠিক তখনই পাশের বাড়ির ছাগল মঞ্চে উঠে ব্যানার খেতে শুরু করল।
আশপাশের লোকজন হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগল।
কুদ্দুস মিয়া বললেন–‘দেখছ? পশুরাও আমার অনুষ্ঠান মিস করতে চায় না!’