পেকুয়ার মাতামুহুরী উপজেলায় সাত বছরের শিশু ওয়াহিদুল ইসলামকে বলাৎকারের পর হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চকরিয়ার আদালত চত্বর।
বুধবার (১৭ জুন) দুপুরে আসামিদের আদালতে হাজির করার খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা ও ওয়াহিদুল ইসলামের সহপাঠীরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়।
এ সময় মানববন্ধন ও বিক্ষোভ হয়।
মানববন্ধনে অংশ নেওয়া মোহাম্মদ মিজান খবরের কাগজকে বলেন, সাত বছরের অবুঝ শিশুকে যেভাবে বলাৎকার ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা এই খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।
গত ১৪ জুন বিকেলে নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ইজিবাইকচালক তৌহিদুল ইসলাম লিটনের ছেলে ওয়াহিদুল ইসলাম। নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার সকালে ফজুমিয়াজিরচর এলাকার একটি খাল থেকে তার হাত-পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের অভিযোগ, শিশুটিকে বলাৎকারের পর হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা মঙ্গলবার তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে একজন স্বীকার করে তারা ওয়াহিদকে বলাৎকার করে তারপর মেরে ফেলে। আজ আসামিদের আদালতে তোলা হয়।
জনরোষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
চকরিয়া থানা ও আদালত সূত্রে জানা গেছে, আদালতে আসামিদের রিমান্ডের আবেদন করা হয়েছে।
রকিবুল হাসান/থিওটোনিয়াস