মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় রাজহাঁসের পা ভেঙে দেওয়ার বিচার চাইতে গিয়ে সুবর্ণা (২০) নামের এক নারী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে বিচার চাইতে তিনি সেই রাজহাঁস নিয়ে থানার দ্বারস্থ হয়েছেন। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারী।
অভিযোগে ভুক্তভোগী সুবর্ণা উল্লেখ করেন, তিনি উপজেলার বাড়ৈখালি এলাকার বাসিন্দা। সোমবার সকালে তার একটি রাজহাঁস প্রতিবেশী বিবাদীর বাড়িতে গেলে সেটির পা ভেঙে দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে তিনি প্রতিবাদ করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
ওই নারীর অভিযোগ, তিনি বিষয়টি নিয়ে কথা বলতে গেলে বিবাদীরা তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর চড়াও হন। একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাকে মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হন।
আহত সুবর্ণা জানান, ঘটনার পর তিনি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলাকারীদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিল্টন দত্ত জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।