আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে গ্রুপ চাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হবিবুর রহমান মাঠে ৬ উইকেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলকে পরাজিত করে জবি দল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ৭৮ রান সংগ্রহ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। ৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে জবির সহ-অধিনায়ক আহমেদ আমান আবিরের দুর্দান্ত ৩৯ রানের ইনিংসে ৬ উইকেটে সহজ জয় তুলে নেয় জবি দল।
বোলিংয়ে অধিনায়ক নাজমুল হুদা ও শাকিল আহমেদ দুইটি করে উইকেট নেন।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জবির সহ-অধিনায়ক আবির।
জবি দলের অধিনায়ক নাজমুল হুদা খবরের কাগজকে বলেন, ‘আমাদের বিপক্ষ দল অনেক শক্তিশালী ছিল। আমাদের খেলোয়াড়রা অনেক ভালো খেলছে বলেই আমরা জয় নিশ্চিত করতে পেরেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ না থাকার পরও আমরা মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়েছি। এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। এ জন্য সবার প্রথমে আমার দলের সবাইকে ধন্যবাদ জানাই। জবির সব শিক্ষার্থী আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আগামী ম্যাচ জিততে পারি।’
মুজাহিদ/পপি/অমিয়/