বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের ছোট বোন সুমি খাতুনকে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী সেমিনার অ্যাটেনডেন্ট পদে সুমি খাতুনের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত প্রফেসর ড. তাজুল ইসলামসহ শহিদ আবু সাঈদের দুই ভাই উপস্থিত ছিলেন।
সুমি খাতুনকে ল্যাব অ্যাটেনডেন্ট (স্থায়ী) পদের বিপরীতে সেমিনার অ্যাটেনডেন্ট (অস্থায়ী) পদে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্যের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. তাজুল ইসলাম ও সংস্থাপন শাখা-১-এর অতিরিক্ত রেজিস্ট্রার ড. জিয়াউল হক স্বাক্ষরিত নিয়োগপত্রে বলায় হয়, এই পদে যোগদানের তারিখ থেকে আপনার নিয়োগ কার্যকর হবে। আপনি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৮,৫০০-২০৫৭০ স্কেলে বেতন ও অন্য ভাতাদি প্রাপ্য হবেন। নিয়োগ গ্রহণ করতে সম্মত থাকলে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগদানের পত্র রেজিস্ট্রার দপ্তরের জমা দিতে বলা হয়েছে।