২৬ পেরিয়ে ২৭ বছরে পা দিল স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র্যালি বের করে।
১৯৯৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। দেশের ৫৪টি জেলার ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এর আওতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন, ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাঁধনের সদস্যরা সমাজে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাঁধনের এই দৃষ্টান্ত অনুসরণ করে মানবতার সেবায় সবার কাজ করা উচিৎ।
বাঁধন ফাউন্ডেশনের সভাপতি রকীব আহমেদ, কেন্দ্রীয় পরিষদের সভাপতি শামীম গাজী ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় জোনের সভাপতি শরিফ আহমেদ ও সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিনসহ বিভিন্ন জোনের নেতারা র্যালিতে অংশ নেন।
আরিফ জাওয়াদ/মেহেদী/সাদিয়া নাহার/