রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৫ শিক্ষার্থীর ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তারসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে ক্লাস-পরীক্ষা বর্জন করে নগরীর ভদ্রা মোড়ে তারা এ কর্মসূচি পালন করেন। প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
আন্দোলনকারীরা জানান, সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পদ্মা আবাসিক এলাকায় দোকানদারের সঙ্গে কথা কাটাকাটির জেরে স্থানীয়দের সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন যাদের মধ্যে ৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারই প্রতিবাদে এই বিক্ষোভ।
তাদের দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করতে হবে। নগরীর বিভিন্ন আবাসিক এলাকা ও মেসে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করতে হবে।
তারা আরও জানান, সড়ক অবরোধ তুলে নিলেও সারাদিন তাদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি চলবে। রুয়েট প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে লাগাতার আন্দোলনে যাবেন তারা।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, রুয়েট প্রশাসন বাদী হয়ে মতিহার থানায় ৫ জনের নাম উল্লেখ ও ৫০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করেছে। এর মধ্যে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এনায়েত করিম/নাবিল/এমএ/