ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এতে আওয়ামী শাসনামলে বিশ্ববিদ্যালয়টিতে বিতর্কিত ও দলীয় বিবেচনায় যেসব শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে, তা বাতিলসহ পাঁচ দফা দাবি জানানো হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের হাতে এই স্মারকলিপি তুলে দেন সাদা দলের শিক্ষকরা।
স্মারকলিপিতে উল্লেখ করা সাদা দলের দাবিগুলো হলো বিগত আওয়ামী শাসনামলে দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ও দলীয় বিবেচনায় যেসব শিক্ষককে নিয়োগ দেওয়া হয়েছে তদন্তসাপেক্ষে সেগুলো বাতিল করা। বৈষম্যবিরোধী গণ-অভ্যুত্থান দমনে গণহত্যা চালানো ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থনকারী শিক্ষকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
গত ৩ আগস্ট গণভবনে অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং নীল দলের যেসব শিক্ষক নেতা তৎকালীন প্রধানমন্ত্রীর গণহত্যাকে সমর্থন ও তাকে উৎসাহিত করেছিলেন, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয়ে প্রশাসনে কর্মরত ফ্যাসিস্টের দোসর হিসেবে পরিচিতদের অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং দেশে বিরাজমান পরিস্থিতিতে শিক্ষক সমিতিসহ বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচন না করা।