ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আন্তরিক বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
শুক্রবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বিবিএ প্রোগ্রামের ভর্তি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, ‘ডাকসু নির্বাচনের ব্যাপারে আমরা অত্যন্ত আন্তরিক। আমরা সবাইকে নিয়েই একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন আয়োজন করতে চাই। তবে আমরা চাই, সবার মধ্যে যেন ঐকমত্য থাকে। দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা এই পরিবেশকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব সবাইকে নিয়ে সম্পন্ন করতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা কাম্য।’
কবে নাগাদ নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে ঢাবি উপাচার্য বলেন, ‘ইতোমধ্যে বেশ কিছু কমিটি কাজ করছে। সবার সঙ্গে কথা বলে এটি ঠিক করা হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রমুখ।
আরিফ জাওয়াদ/নাবিল/