একজন মানুষ আসলে কতগুলো গুণসম্পন্ন হতে পারে? এ প্রশ্নের ধরাবাঁধা কোনো উত্তর নেই। কেউ হয়তো বেশ কয়েকটি গুণে গুণান্বিত হতে পারেন। এর মধ্যে যেকোনো একটিতে হয়তো বা তিনি পারদর্শী। তবে আজ এমন একজনের গল্প লিখছি যিনি একাধারে লেখক, অভিনেতা, তরুণ নির্মাতা, রেটিংপ্রাপ্ত দাবারু এবং বেসরকারি একটি প্রতিষ্ঠানে এক্সাম পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। আবার দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে অধ্যয়নরত। বলছি বহুগুণে গুণান্বিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী প্রান্তোষ ভট্টাচার্যের কথা। যিনি প্রারম্ভিক প্রান্তোষ নামেই বন্ধুমহলে পরিচিত।
অমর একুশে বইমেলা ২০২৫ এ ‘গন্তব্যের সন্ধানে’ নামে প্রান্তোষের একটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটিতে ফুটিয়ে তোলা হয়েছে জীবন বাস্তবতা, প্রেম, শ্রেণি সংগ্রাম, স্বভাববাদ, পরাবাস্তববাদী ছোঁয়া। মানুষের একটি লক্ষ্য পূরণ হলে আবারও অন্য লক্ষ্য ছুঁতে চেষ্টা করছে। কিন্তু জীবন গন্তব্যের সন্ধানে লক্ষ্য একটাই সেটি হলো মৃত্যু। বাস্তবতার আলোকে লেখা এই বইটি ইতোমধ্যে পাঠকদের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে।

শুধু লেখালেখিতেই সীমাবদ্ধ নন প্রান্তোষ। নাট্যতত্ত্বের শিক্ষার্থী হিসেবে ব্যাপক আগ্রহ রয়েছে চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ে। ২০১৯ সালে ফিল্ম ফর পিস ফাউন্ডেশন কর্তৃক পিস ফেলোশিপ পেয়েছেন প্রারম্ভিক প্রান্তোষ। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিস অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন এক বছর। এ সময় মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতা এবং ফিল্ম ফর পিস ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রঙপেন্সিল’। স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রটি দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। প্রদর্শনীর জন্য পেয়েছেন সম্মাননা স্মারকও।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে ‘টেলিভিশন নাটক নির্মাণ ও প্রযোজনা কৌশল’ বিষয়ে সাফল্যের সঙ্গে কোর্স সম্পন্ন করেছেন। নাটক, ওভিসি, টেলিফিল্মে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও টিভি ফিকশনের চিত্রনাট্য লেখা এবং নির্মাণের অভিজ্ঞতা রয়েছে প্রান্তোষের। তার নির্মিত শর্টফিল্মগুলো হলো দ্য ডার্কস গ্লাসেস, রঙপেন্সিল, যান্ত্রিক।
নির্মাণের পাশাপাশি বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটকেও অভিনয় করেছেন তরুণ এই শিল্পী। এ ছাড়া ২০১৩ সাল থেকে মঞ্চে অভিনয় ও নির্দেশনার অভিজ্ঞতা রয়েছে।
করোনা সংকটে যখন জনজীবন বিপর্যস্ত ঠিক তখন চিন্তা করলেন মানুষের মানসিক অবস্থার উন্নয়নে স্বল্প পরিসরে হলেও কাজ করবেন। নিজের অবস্থান থেকে যতটা সম্ভব প্রান্তোষ চেষ্টা করেছেন মানুষের একঘেয়েমি দূর করে খানিকের জন্য হলেও বিনোদনে রাখতে। সেই ভাবনা থেকেই একটি অনলাইন টেলিভিশনে নিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে জাবিয়ান আড্ডা নামে একটি অনুষ্ঠান উপস্থাপন করেন। এ অনুষ্ঠানে গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম থেকে শুরু করে নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য ছিল করোনার ক্লান্তিকালে মানুষের বিনোদনের অভাব দূর করা। ২০২১ সালে রেডিও ধনি ৯১.২এফএম এ আরজে হান্টের মাধ্যমে সেরা ১১-তে উঠে আসেন তিনি। তিন মাসের এক বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেন রেডিও স্টেশন থেকে।
২০১৮ সালে বাংলাদেশ দাবা ফেডারেশনের খেলোয়াড় ও আন্তর্জাতিক রেটিং অর্জন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দাবা ক্লাবর সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে নির্দেশনার পাশাপাশি লেখালেখি চালিয়ে যাচ্ছেন প্রান্তোষ। ২০২৬ সালের অমর একুশে বইমেলায় একটি উপন্যাসের বই আনার ইচ্ছা রয়েছে তরুণ এই লেখকের। প্রান্তোষ স্বপ্ন দেখেন লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন। একই সঙ্গে দেশের জন্য বয়ে আনবেন সম্মান।
কলি