নেদারল্যান্ডসের পানি ও পরিবেশ বিজ্ঞানের জন্য বিখ্যাত ডেল্টারেজ ইনস্টিটিউটের গবেষকদের সঙ্গে যৌথ আলোচনা করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
রবিবার (২৮ জুলাই) ডেল্টারেজ ইনস্টিটিউটে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে গবেষক ও স্পিকার হিসেবে ছিলেন নিশ্চল সারজু, শাহনূর হাসান, আমগাদ ওমর, বব স্মিটি ও টমাসো বোশেচ্চিটি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মোহিনুজ্জামান এবং পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার মু. আরিফুর রহমান।
ঘণ্টাব্যাপী সভায় ডেল্টারেজে যে প্রোজেক্ট রয়েছে গবেষকরা সেগুলো তুলে ধরেন এবং তারা নোবিপ্রবিকে প্রোজেক্টগুলোতে অন্তর্ভূক্ত করার আগ্রহ প্রকাশ করেন।
এ ছাড়াও নোবিপ্রবির মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের প্রোজেক্টগুলোতে কো-সুপারভাইজার হিসেবে গাইড করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এ সময় নোবিপ্রবিকে ভবিষ্যতে যৌথ গবেষণার জন্য প্রোজেক্ট সাবমিশনের আমন্ত্রণ জানান ডেল্টারেজ কর্তৃপক্ষ।
পরবর্তীতে ডেল্টারেজ ইনস্টিটিউট যে পদ্ধতিতে ডেল্টা প্ল্যান ল্যাব পরিচালনা করছে, তা নোবিপ্রবি উপাচার্যসহ অন্যান্যদের কাছে উপস্থাপন করা হয়।
এ সময় নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল ল্যাব কার্যক্রম ঘুরে দেখেন।
কাউসার আহমেদ/অমিয়/