রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রসংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন দুই শিক্ষার্থী। অসুস্থরা হলেন- সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাহিদ ইসলাম।
রবিবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টায় এ দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসারসহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে আসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, ছাত্রসংসদের ব্যাপারে যে কমিটি গঠন করা হয়েছে সে কমিটি আমাদের কাছে ১০ দিন সময় চেয়েছে। তোমরা চাইলে ১০ দিন দেখতে পার।
এদিকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অনশনরত শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা এমন আশ্বাস অনেক পেয়েছি। আর না। আমরা চাই বিশ্ববিদ্যালয় দ্রুত আইনের অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে।
রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে ৯ জন শিক্ষার্থী অনশনে বসেন। তারা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে শিক্ষার্থী, কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থ রাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর, গণিত বিভাগের শিক্ষার্থী আরমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিবলি সাদিক।
গাজী আজম/নাঈম/