রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে।
আগামীকাল মঙ্গলবারও মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। এদিকে স্বতন্ত্রভাবে গত ৭ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫৫ জন প্রার্থী। এ ছাড়া ছাত্রদল, ছাত্রশিবির, বাম জোট, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃত্বে ১০টি প্যানেল হচ্ছে বলে জানা গেছে। এখন পর্যন্ত কেন্দ্রীয় সংসদে ৩২৪ জন এবং সিনেটে ৬৯ জন মনোনয়নপত্র নিয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান ও নির্বাচন কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে ফরম নিয়েছেন ভিপি (সহসভাপতি) পদে ১৮ জন, জিএস (সাধারণ সম্পাদক) পদে ৭ জন, এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে ৮ জন। পদহীনভাবে ১২টি ফরম বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১০টি প্যানেলে পদ উল্লেখ না করে ১৫৪টি পদে ফরম উত্তোলন করা হয়েছে। এর মধ্যে গণতান্ত্রিক ছাত্রজোট ২৩টি, ছাত্রদল ২৬টি, ছাত্রশিবির ২১টি, সচেতন শিক্ষার্থী পরিষদ ১৫টি, নাজমুস সাকিব ৫টি, আফরিন জাহান ২৩টি, তৌহিদুল ইসলাম ৭টি, আধিপত্যবাদবিরোধী ঐক্য ২১টি এবং ‘অপরাজেয় ৭১, জাগ্রত ২৪ প্যানেল’ থেকে ১৩টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হলের সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে হলগুলোতে প্রায় ৭০০ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য মনোনয়নপত্র তুলেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলনের সময় দুদিন বাড়িয়েছে নির্বাচন কমিশন। আজ মঙ্গলবার পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের সময়ও ৩ ও ৪ সেপ্টেম্বর দুই দিন বাড়ানো হয়েছে। সার্বিক বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, ‘গত রবিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র উত্তোলনের সময় সোমবার এবং মঙ্গলবার আরও দুই দিন বৃদ্ধি করা হয়েছে। তবে এ সময় মনোনয়নপত্র জমা চলমান থাকবে।’
পূর্ব প্রকাশিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ৬ ও ৭ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১০ সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর এবং ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি অ্যাকাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হবে। ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে।
প্রথম দিনে দাখিল হয়নি কোনো মনোনয়নপত্র
তফসিল অনুযায়ী সোমবার থেকে মনোনয়নপত্র দাখিল শুরু হওয়ার কথা ছিল। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত একজন প্রার্থীও মনোনয়নপত্র দাখিল করতে আসেননি। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল পেতে একটু বিলম্ব হচ্ছে। এ জন্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি।
ছাত্রদলের বিক্ষোভ
নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করাসহ দুই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। তাদের অন্য দাবিটি হলো, রবিবার রাকসু কার্যালয়ের সামনে নারী শিক্ষার্থীদের হেনস্তা ও পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিঘ্ন করার অপচেষ্টার বিচার করতে হবে।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘রবিবার রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল। সেখানে আমাদের ওপর হামলা করা হয়। সেই হামলায় আমাদের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আমাদের বোনদেরও হেনস্তা করা হয়েছে। তারই প্রতিবাদে এবং প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আমাদের এই কর্মসূচি।’