নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শহিদ মুগ্ধ মেডিকেল সেন্টারে ডায়াগনস্টিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল তার রক্তের নমুনা দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘ডায়াগনস্টিক সুবিধা চালু হওয়ায় এখন থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আশেপাশের সাধারণ মানুষ কম খরচে পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পাবেন। মানসম্মত সেবার মাধ্যমে শুধু বিশ্ববিদ্যালয় পরিবার নয়, এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উদ্বোধনের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ডায়াগনস্টিক ল্যাবসমূহ ঘুরে দেখেন এবং উপস্থিত চিকিৎসক ও কর্মীদের ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের শিক্ষার্থী নাহিদ হোসাইন নবীন বলেন, ‘আমরা অনেক দিন ধরে ক্যাম্পাসে উন্নত চিকিৎসাসেবা ও পরীক্ষাগারের অভাব বোধ করছিলাম। ডায়াগনস্টিক চালু হওয়ায় দ্রুত ও স্বল্প খরচে পরীক্ষা করানো সম্ভব হবে। এতে আমাদের সময় ও খরচ দুটোই বাঁচবে।’
শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ধরনের আধুনিক সেবা পাওয়া আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। বাইরে গিয়ে টেস্ট করাতে যে ঝামেলা ও অতিরিক্ত খরচ হতো, সেখান থেকে আমরা মুক্তি পাব।’
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, চিফ মেডিকেল অফিসার (প্রশাসনিক) ড. মোহাম্মদ মফিজুল ইসলামসহ মেডিকেল সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা মনে করছেন, এ কার্যক্রমের মাধ্যমে ধাপে ধাপে উন্নত স্বাস্থ্যসেবা ক্যাম্পাসে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
কাউসার আহমেদ/মৌসুমী/