জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) নির্বাচন ও সম্পূরক বৃত্তি প্রদানের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ মিছিল শেষ হয়।
এ সময় শিক্ষার্থীরা ‘জকসু আমার অধিকার, প্রশাসনের গদিতে আগুন জ্বালাও একসঙ্গে’, ‘তাড়াতাড়ি বৃত্তি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘বৃত্তি আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন ধরে দুই দফা দাবি নিয়ে আন্দোলন চললেও প্রশাসন আশ্বাস দেওয়া ছাড়া কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। আন্দোলনের পথে নামতে গিয়ে এর আগেও শিক্ষার্থীরা পুলিশি বাধা-হামলার শিকার হয়েছেন, তারপরও প্রশাসনের এমন গড়িমসি হতাশাজনক। শিগগিরই দাবি পূরণ না করলে প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামা হবে।’
এ বিষয়ে আপ বাংলাদেশ জবির শাখার সংগঠক তাওহীদুল ইসলাম বলেন, ‘জকসু ও সম্পূরক বৃত্তি শিক্ষার্থীদের অধিকার। আমরা বার বার আন্দোলন করে প্রশাসনের থেকে আশ্বাস পেয়েও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখিনি। আমরা এখন আর প্রশাসনকে বিশ্বাস করিনা। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে জকসু ও সম্পূরক বৃত্তি না পেলে প্রশাসনের পদত্যাগের জন্য আন্দোলন করব।’
হৃদয়/রিফাত/