রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থীতা বাতিল হওয়া সাতজনের মধ্যে শিবির প্যানেলের সুজন চন্দ্রসহ পাঁচজন প্রার্থীতা ফেরত পেয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অফ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রার্থীতা ফিরে পাওয়া ব্যক্তিরা হলেন- কেন্দ্রীয় সংসদে সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাগর আহমেদ মিয়া, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারি সম্পাদক পদে শাহীন আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সহকারি সম্পাদক পদে রিচার্স চাকমা এবং কার্যনির্বাহী সদস্যপদে সুজন চন্দ্র ও সিনেট ছাত্র প্রতিনিধি প্রার্থী ওমর ফারুক সাফীন আজমীর প্রার্থীতা ফিরে পেয়েছেন।
নির্বাচন কমিশন জানায়, ফরমে অসংগতি, তথ্যের ভুলসহ বিভিন্ন কারণে তাদের প্রার্থীতা বাতিল হয়েছিল। এ বিষয়ে আজ তাদের আপত্তির প্রেক্ষিতে তাদের প্রার্থীতা ফেরত দেওয়া হয়েছে।
প্রার্থীতা ফিরে পাওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘তাদের মনোনয়নপত্রে কিছুটা ত্রুটি ছিল। আজ আপিল করার পর নির্বাচন কমিশনের বৈঠকে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।’
এর আগে গত ৯ ও ১০ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রাকসু ও সিনেট নির্বাচনে ৭ জন এবং বিভিন্ন হল সংসদে অন্তত ৫ জনের মনোনয়নপত্র বাতিল করে প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল রাকসুর নির্বাচন কমিশন।
তফসিল অনুযায়ী, আগামী শনিবার প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। রবিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা, যার মধ্য দিয়ে প্রায় তিন যুগ পর নির্বাচনী উত্তাপ ফিরছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
দুই সমন্বয়কের নেতৃত্বে 'সার্বজনীন শিক্ষার্থী সংসদ' প্যানেল ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে সাবেক দুই সমন্বয়কের নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল ঘোষণা হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে আরেক সাবেক সমন্বয়ক মাহায়ের ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন প্যানেলের এজিএস পদপ্রার্থী মাহায়ের ইসলাম।
প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শীত কুমার ওরাং, সাংস্কৃতিক সম্পাদক অমিত তাঞ্চঙ্গা, সহসাংস্কৃতিক সম্পাদক মো: লাদেন, ছাত্রীবিষয়ক সম্পাদক সামসাদ জাহান, সহছাত্রীবিষয়ক সম্পাদক নাদিয়া হক মিথি, তথ্য ও গবেষণা সম্পাদক পদে সরোয়ার জাহান নাহিদ, সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুনান হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফা এবং সহবিজ্ঞান সম্পাদক শরিফুল ইসলাম। বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গোপাল রায়, সহবিতর্ক সম্পাদক আর রাফি সিরাজী অন্তর, পরিবেশ ও সমাজসেবা সম্পাদক পদে উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, সহ পরিবেশ সমাজসেবা সম্পাদক এস এম রিজন।
এছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ফেরদৌস শরিফ, ইমাম হোসাইন, হাফিজুরুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মুয়াজ।
প্যানেল ঘোষণার আগে তাসিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের জায়গা নয়, বরং নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধ সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমরা চাই এমন একটি রাকসু, যেখানে প্রতিটি শিক্ষার্থী বুঝবে-তার শিক্ষা শুধু নিজের জন্য নয়, সেই মা-বাবা, কৃষক, শ্রমিকের জন্য, যারা এই বিদ্যাপীঠকে বাঁচিয়ে রেখেছে। সর্বজনীন শিক্ষার্থী সংসদ কোনো দলীয় বা গোষ্ঠীগত স্বার্থে ব্যবহৃত হবে না। রাকসু হবে সব শিক্ষার্থীর, সব মতের, সব শ্রেণির প্রতিনিধিত্বে গঠিত একটি সর্বজনীন নেতৃত্বের প্রতিশ্রুতি।’
শাকিবুল/রিফাত/