চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সম্মিলিত জোট ‘দ্রোহ পর্ষদ’ প্যানেল ঘোষণা করেছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়ির সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।
প্যানেলে শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রিজু লক্ষ্মী অবরোধকে ভিপি এবং ছাত্র ইউনিয়নের সভাপতি ইফাজ উদ্দিন আহমেদকে জিএস ও দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবিরকে এজিএস প্রার্থী করা হয়েছে।
‘দ্রোহ পর্ষদ’ প্যানেল থেকে দপ্তর সম্পাদক পদে নয়ন কৃষ্ণ সাহা, সহ-দপ্তর সম্পাদক পদে অনুত্তর চাকমা, সংস্কৃতি ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে আছাদ বিন রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনাবিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান ইপা, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রুৎমিলা মুমতাহিন নির্ঝরা।
গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক পদে উমংনাইং, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে সোহেল রানা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে রোহান আল মহান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে এস এম ইব্রাহিম, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ট্যালেন্ট চাকমা, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে রুদাবা আদনিন অদিতি নির্বাচন করবেন।
এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে বিসন চাকমা, জেস চাকমা ও অরিত্র রহমান নির্বাচন করবেন।
এর আগে ছাত্রদল, ছাত্রশিবিরের প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট, ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল সচেতন শিক্ষার্থী সংসদ, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন, বামদের বৈচিত্র্যের ঐক্য, স্টুডেন্ট অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড) সমর্থিত স্বতন্ত্র প্যানেল, সার্বভৌম শিক্ষার্থী ঐক্য স্বতন্ত্র প্যানেল, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বাধীন প্যানেল ‘চাকসু ফর র্যাপিড চেইঞ্জ’, ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জোট প্যানেল ‘দ্রোহ পর্ষদ’সহ এ পর্যন্ত মোট ১০টি প্যানেল ঘোষণা করা হয়।
রিফাত/