গত বছরের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলা ও হলে অস্ত্র রাখার ঘটনায় ২০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার এবং ১৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আগে সাময়িক বহিষ্কার করা ১৯ জনকে খালাস ও কয়েকজনকে সতর্ক করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান।
জানা যায়, বহিষ্কৃত সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অভিযোগে আজীবন বহিষ্কার হয়েছেন ১২ জন ও হলে অস্ত্র রাখার ঘটনায় ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে। তবে তাদের মধ্যে কয়েকজন দুই ঘটনাতেই অভিযুক্ত থাকায় আজীবন বহিষ্কার হয়েছেন।
এ ছাড়া দুই-চার সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে ১৭ জনকে। একইসঙ্গে অভিযোগ প্রমাণিত হয়নি এমন ১৯ জনকে সাময়িক বহিষ্কার থেকে খালাস দেওয়া হয়েছে এবং কয়েকজনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অস্ত্র রাখার অপরাধে খালাস দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, ‘অস্ত্রের সম্পৃক্ততার বিষয়ে সাময়িক বহিষ্কার হওয়ার একটা প্রস্তাব এসেছিল। তবে আমরা বিবেচনা করে দেখেছি অনেকে ভর্তি ছিল এক রুমে, থেকেছে অন্য রুমে। সেক্ষেত্রে যদি সাময়িক বহিষ্কার করা হয় তাহলে সেটা তার সঙ্গে অবিচার করা হবে। তাই আমরা যাচাই-বাছাই করে তাদের খালাস দিয়েছি।’
ইসফাক/এসজি/