চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ‘নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান। তাদের সিদ্ধান্তে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির হস্তক্ষেপ কিংবা চাপ প্রয়োগ করা উচিত হবে না।’
রবিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
চবি উপাচার্য বলেন, “বর্তমান পরিস্থিতি একটি চ্যালেঞ্জিং সময়। এ অবস্থায় নির্বাচন কমিশনকে যথেষ্ট দায়িত্বশীল ও সাহসী ভূমিকা পালন করতে হবে। সুষ্ঠু নির্বাচন করতে পারলে আপনাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যদি তা না পারেন, তাহলে কী হতে পারে সেটাও আপনারা জানেন।”
তিনি বিশেষভাবে পোস্টাল ব্যালটের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তার মতে, এ খাতে অনিয়ম বা বিতর্কের সম্ভাবনা বেশি থাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন জরুরি।
সংলাপে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচনায় অংশ নেন সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আল মাহমুদ হাসানউজ্জামান, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, প্রফেসর আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর রোবায়েত ফেরদৌস ও টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান প্রমুখ।
আল আরাফ/নাঈম